চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সর্বশেষ:

মোবাইল-সোশ্যাল মিডিয়ার ভিড়ে বইয়ের টানে ১১৩২ শিক্ষার্থী

সাতকানিয়া-লোহাগাড়ার ৮৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

১৪ জুন, ২০২৬ | ১০:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া অঞ্চলে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাবের মধ্যেও বইপাঠের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে বইপাঠ প্রতিযোগিতা-২০২৬। ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ১৩২ শিক্ষার্থী।

 

শুক্রবার সকাল থেকে পাঁচটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. এনামুল হক। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বই মানুষকে শুধু জ্ঞানীই করে না, বরং তাকে একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।

 

আয়োজকরা জানান, সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ১৩২ জন শিক্ষার্থী অংশ নিয়ে নিজেদের পাঠদক্ষতা ও জ্ঞানচর্চার পরিচয় তুলে ধরে।

 

প্রতিযোগিতার কেন্দ্রগুলো ছিল চিব্বাড়ী এম. এ. মোতালেব কলেজ, গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদরাসা, সাতকানিয়া মডেল হাই স্কুল, আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসা এবং পদুয়া দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষাবিদ অধ্যক্ষ আ. ন. ম. নোমান, অধ্যক্ষ আবু মূসা মুহাম্মদ খালেদ জমীল, সাতকানিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক এবং সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মেধা, মনন ও মূল্যবোধে সমৃদ্ধ করতে বইপাঠের বিকল্প নেই। শিক্ষার্থীদের বইমুখী করতে এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

 

আয়োজকদের মতে, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি, সৃজনশীল চিন্তার বিকাশ এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রতিযোগিতার ফলাফল পরবর্তীতে ঘোষণা করা হবে।

 

পূর্বকোণ/রাজু/সারোয়ার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট