চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সর্বশেষ:

প্রথমবারের মতো বাহরাইনে মাইজভান্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের রক্তদান কর্মসূচি

প্রথমবারের মতো বাহরাইনে মাইজভান্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের রক্তদান কর্মসূচি

বাহরাইন প্রতিনিধি

৩১ মে, ২০২৬ | ৩:৪৪ অপরাহ্ণ

হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাহরাইনে প্রথমবারের মতো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে মাইজভান্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ, বাহরাইন ইউনিট। রাজধানী মানামার সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

শুক্রবার (২৯ মে) সকাল ৭টা থেকে শুরু হওয়া রক্তদান কর্মসূচি দুপুর ২টা পর্যন্ত চলে। দীর্ঘ সাত ঘণ্টাব্যাপী এ আয়োজনে রক্তদাতাদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মানবিক এই উদ্যোগে অংশ নিয়ে অনেকেই নিয়মিত রক্তদানের গুরুত্ব ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের পৃষ্ঠপোষক শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান।

 

সংগঠনের বাহরাইন শাখার সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুহাম্মদ সোহেল চৌধুরী, কাতার ইউনিটের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জহির উদ্দিন বাবর, সদস্য সাজ্জাদুল হক, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ মুনতাসিরসহ বাহরাইন ইউনিটের সদস্যবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। সুফিবাদ সবসময় মানবকল্যাণ ও সেবামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করে। সেই ধারাবাহিকতায় মাইজভান্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ দীর্ঘদিন ধরে বিভিন্ন উপসাগরীয় দেশে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।” তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

 

আয়োজকরা জানান, রক্তদান কর্মসূচির মাধ্যমে মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং জরুরি প্রয়োজনে রক্তের চাহিদা পূরণে সচেতনতা বৃদ্ধি করাই তাদের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

 

কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় সালমানিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ মাইজভান্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ, বাহরাইন ইউনিটের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। একইসঙ্গে সংগঠনের পক্ষ থেকে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে কৃতজ্ঞতার স্মারক হিসেবে একটি অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট (Appreciation Certificate) তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠান শেষে মানবসেবামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, রক্তদান শুধু একটি সামাজিক দায়বদ্ধতা নয়, বরং মানবতার সেবায় অন্যতম শ্রেষ্ঠ অবদান। বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট