চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের বিয়ের পাত্রী দেখে ফেরার পথে নিজের চালানো সিএনজিচালিত অটোরিকশা খালে পড়ে বাবা হেলাল উদ্দিন (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে বারইয়ারহাট থেকে আবুরহাটে ছেলের বিয়ের পাত্রী দেখতে যান হেলাল উদ্দিনসহ পরিবারের পাঁচ সদস্য। পাত্রী দেখে ফেরার পথে গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় পৌঁছালে হেলাল উদ্দিনের চালানো অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন এবং পরিবারের বাকি চারজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করা হয়। আহত বাকি চারজন হাতে ও পায়ে আঘাত পেয়েছেন এবং তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















