কক্সবাজারের কুতুবদিয়ায় বিয়ের দিনই আখি আক্তার (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনি নয়া পাড়ায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আখি আক্তার ওই এলাকার মো. দিদারুল ইসলামের মেয়ে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নিজ ঘরের ভেতর গলায় উড়না পেঁচানো অবস্থায় আখিকে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্র জানায়, প্রায় দুই মাস আগে পরিবারের সম্মতিতে আখির বিয়ের কাবিন সম্পন্ন হয়েছিল এবং শুক্রবার রাতেই বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল। এ উপলক্ষে বাড়িতে রান্নাবান্নাসহ বিয়ের নানা আয়োজন চলছিল।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/রানা/পারভেজ


















