জুলাইয়ে ছাত্র-জনতা হত্যার পর পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার হত্যার নেশা ও রক্তের স্বাদ এখনো যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতে বসে তিনি দেশে টাকা পাঠিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাস চালাতে বলছেন বলেও অভিযোগ করেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে মুন্সিগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন,‘শেখ হাসিনা ছাত্র-জনতার ধাওয়া খেয়ে পালিয়ে গেছেন। কিন্তু হত্যার নেশা ও রক্তের স্বাদ তার যায়নি। এখনো যারা দেশে আছে, তাদের কাছে বিকাশে টাকা পাঠিয়ে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড করতে বলছেন।’
আওয়ামী লীগের নেতারা ভারত থেকে টাকা পাঠিয়ে স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল তুলে দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, সেই অর্থে পেট্রল ছিটিয়ে গ্রামীণ ব্যাংক, গার্মেন্টস এবং বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন,‘দেশে এত অগ্নিসন্ত্রাসের পরও তারেক রহমান পুলিশকে দিয়ে কাউকে গুলি করে হত্যা করতে বলেননি। সভ্য দেশের ক্ষমতায় সভ্য মানুষ থাকলে তারা অস্ত্র ও খুনের ভাষায় কথা বলেন না। এটাই শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের পার্থক্য।’
লৌহজং উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য মো. রাশেদের সভাপতিত্বে সমাবেশে মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম আজাদ, মুন্সিগঞ্জ-৩ আসনের মো. কামরুজ্জামান, সংরক্ষিত নারী আসনের মমতাজ আলোসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ


















