চট্টগ্রাম শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

কুয়েতে ড্রোন হামলায় জড়িত নয় ইরান, যুক্তরাষ্ট্র-ইসরায়েল দায়ী

কুয়েতে ড্রোন হামলায় জড়িত নয় ইরান, যুক্তরাষ্ট্র-ইসরায়েল দায়ী

অনলাইন ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৬ | ৯:০৮ অপরাহ্ণ

কুয়েতের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহতের ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে ইরান।
তেহরানের দাবি, এটি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সাজানো হামলা হতে পারে। 
 
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতে এ প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে।
 
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহত দুজন বেসামরিক প্রযুক্তিবিদ। জার্মান প্রতিরক্ষা প্রতিষ্ঠান ‘রাইনমেটাল ইতালিয়া’-তে কর্মরত ওই দুই কর্মী কুয়েতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার অ্যানটেনা রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। হামলায় কুয়েত ও পাকিস্তানের দুই নাগরিকও আহত হয়েছেন।
 
ছয়টি আরব দেশের আঞ্চলিক জোট উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এ হামলার জন্য ইরানকে দায়ী করেছে। জিসিসি মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই একে ‘অত্যন্ত বিপজ্জনক ও অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধি’বলে অভিহিত করেছেন।
 
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, এ ঘটনায় ইরানের দূতাবাসের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে উপসাগরীয় দেশগুলো জড়িত নয় বলেও মন্তব্য করেন তিনি।
 
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিতে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি হামলার দায় অস্বীকার করে বলেন, ওই দিন উপসাগরীয় অঞ্চলে ইরান কোনো সামরিক অভিযান চালায়নি।
 
অন্যের ওপর দায় চাপাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অতীতেও এ ধরনের সাজানো হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি। তবে নিজের দাবির পক্ষে বিস্তারিত কোনো প্রমাণ দেননি এই সামরিক মুখপাত্র।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট