রাজধানীর ওয়ারী ও হাতিরপুল এলাকায় পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উভয় ঘটনায় কেউ হতাহত না হলেও হাতিরপুল থেকে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আবেদ আলী উচ্চ বিদ্যালয় ও ইস্টার্ন প্লাজার সামনে এসব বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানান, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ওয়ারীর আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এতে কেউ হতাহত হয়নি। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাতিরপুলের ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পালানোর চেষ্টাকালে একজনকে আটক করে পুলিশ এবং জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। জড়িত অন্যদের শনাক্ত ও আটকের অভিযান চলছে।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

















