চট্টগ্রাম শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাঙামাটিতে পিকআপ উল্টে প্রাণ গেল বিক্রয় প্রতিনিধির

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া 

২৭ নভেম্বর, ২০২৬ | ২:২৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানাধীন রাঙামাটি-বান্দরবান সড়কের বাঙ্গালহালিয়ায় পিকআপ উল্টে একজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।  
 
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতের নাম খোকন দে (৪৫)। তিনি একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে। 
 
তার বাড়ি চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার শিলক গ্রামে।  গুরুতর আহত ভ্যান চালকের নাম আমজাদ হোসেন (৬০)।  তিনিও একই গ্রামের বাসিন্দা। 
 
নিহত খোকন দে দক্ষিণ রাঙ্গুনিয়ার শিলক গ্রামের অজিত দে’র ছেলে। 
 
চন্দ্রঘোনা থানা সূত্রে জানা গেছে, আবুল খায়ের কোম্পানির দুগ্ধসামগ্রী পরিবহনকারী পিকআপ ভ্যান বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপটি উল্টে গেলে চালক ও হেলপার গুরুতর আহত হন।
 
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে নিয়ে যান। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সরকারি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়। পরে বিকেল ৫টায় তাদের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খোকন দে’কে মৃত ঘোষণা করেন।
 
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, এ ঘটনায় আহত চালককে গ্রেপ্তার করা হয়েছে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট