ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে দেশে শাস্তির মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একইসঙ্গে প্রশাসন ও বিভিন্ন খাত থেকে আওয়ামী লীগের লোকজনকে সরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় এনসিপি ও সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,‘সীমান্তে আসার দুঃসাহস আপনি যা দেখাচ্ছেন, আপনি আসবেন কি, আমরা ভারতে ঢুকে আপনাকে ধরে নিয়ে বাংলাদেশে এনে ফাঁসিতে ঝুলাবো। বাংলাদেশের মানুষের ওপর গুলি চালিয়ে পালিয়ে যাওয়া এই চোরকে ধরে এনে আমাদের শাস্তি দিতে হবে।’
আওয়ামী লীগের পুনর্বাসন না করার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন,‘মিলিটারি, সিভিল সার্ভিস, সিভিল সোসাইটি, গার্মেন্টসসহ প্রত্যেক জায়গা থেকে আওয়ামী লীগকে তাড়াতে হবে। সরকার তা না পারলে ভবিষ্যতে আমরা এই দায়িত্ব নেবো।’ পাশাপাশি শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করার দাবিও জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গাজীপুরসহ দেশের শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। শ্রমিকদের স্বার্থ রক্ষার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, ঐক্য হতে হলে গোলটেবিল বৈঠকে নয়, বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে হতে হবে।
ভারত সরকারের সমালোচনা করে তিনি বলেন,‘বাংলাদেশে শান্তি থাকলে ভারতে শান্তি থাকবে, বাংলাদেশে শান্তি না থাকলে ভারতেও শান্তি থাকবে না। ভারতীয় আধিপত্যবাদ এ দেশে চলবে না।’
সভায় আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইমুল্লাহ হায়দার।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

















