চট্টগ্রাম শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বোরকা পরে গ্যাস কারখানায় ডাকাতের হানা, মালামাল লুট

বোরকা পরে গ্যাস কারখানায় ডাকাতের হানা, মালামাল লুট

সীতাকুণ্ড সংবাদদাতা

২৭ নভেম্বর, ২০২৬ | ৯:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বোরকা পরা ছদ্মবেশী ডাকাত দল পাঁচ নিরাপত্তাকর্মীকে বেঁধে নগদ টাকা ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কারখানা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে সাগর উপকূলবর্তী ‘ইউরো গ্যাস লিমিটেড’ কারখানায় প্রবেশ করে বোরকা পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল। দেশি-বিদেশি অস্ত্রের মুখে তারা দায়িত্বে থাকা পাঁচ নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলে। এরপর কারখানার অফিসকক্ষ ও স্টোররুমে তল্লাশি চালিয়ে প্রায় দুই থেকে আড়াই টন তামার তার এবং নগদ পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

ইউরো গ্যাস লিমিটেডের ব্যবস্থাপক মো. তৌহিদ বলেন, লুট হওয়া তামার তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার খবর পেয়ে শিল্প পুলিশ ও সীতাকুণ্ড মডেল থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারখানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সদস্যরা।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, “সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় চার থেকে পাঁচজনকে বোরকা পরা অবস্থায় দেখা গেছে। প্রাপ্ত তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট