সরকারি ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (জেনারেল) পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে একজন প্রক্সি দিতে এসে ধরা পড়েন। বাকি ২৩ জনকে ইলেকট্রনিক ডিভাইসসহ হাতেনাতে আটক করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর চারটি কেন্দ্রে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা হয়। দায়িত্বরতরা এ তথ্য নিশ্চিত করেছে।
কেন্দ্রভিত্তিক তথ্যে দেখা যায়, লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইসসহ আটজনকে আটক করে বহিষ্কার করা হয়। শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজন প্রক্সি পরীক্ষার্থীসহ সাতজন বহিষ্কৃত হন। এছাড়া শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পাঁচজন এবং ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চারজন ইলেকট্রনিক ডিভাইসসহ ধরা পড়েন।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সচিবালয়ের (বিএসসিএস) তত্ত্বাবধানে দুই ঘণ্টার এ লিখিত পরীক্ষা নেওয়া হয়। ২০০ নম্বরের এ পরীক্ষার মাধ্যমে ৯০৩টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে, যার জব আইডি ২৬১০১।
জানা গেছে, চারটি কেন্দ্রে মোট ৮ হাজার ৯৫৭ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়েছিল। এর মধ্যে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২ হাজার ৭০০ জন, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ১৫০ জন, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ১৫০ জন এবং ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৯৫৭ জনের আসন নির্ধারিত ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে প্রথম ধাপে প্রায় দেড় লাখ প্রার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় বসার সুযোগ পান।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ


















