হঠাৎ কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে এম্বুলেন্সের জন্য অপেক্ষা না করে এলাকার মসজিদ থেকে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে রোগীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন চট্টগ্রামের এক চিকিৎসক। তাঁর পরিকল্পনা অনুযায়ী, রোগীকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে যেকোনো সহজলভ্য যানবাহনে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হবে। এভাবে মসজিদগুলোকে জরুরি অক্সিজেন সরবরাহের বিকল্প কেন্দ্র হিসেবে গড়ে তোলার ধারণা দিয়েছেন তিনি। তাঁর প্রস্তাবিত এ মডেলের নাম ‘ডিস্ট্রিবিউটেড ইমার্জেন্সি অক্সিজেন নেটওয়ার্ক’ (ডিইওএন)।
চট্টগ্রামের চিকিৎসক মাহিউল বিদাত চৌধুরীর এ গবেষণা আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ‘ফ্রন্টিয়ার্স ইন হেলথ সার্ভিসেস’-এ প্রকাশিত হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক এ সাময়িকীতে আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে গবেষণাটি প্রকাশ করা হয়। এতে বাংলাদেশের মসজিদগুলোর বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে হাসপাতালের বাইরে জরুরি অক্সিজেন সরবরাহের একটি বিকল্প ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা তুলে ধরা হয়েছে।
প্রস্তাবিত মডেলটির মূল ধারণা হলো, জরুরি অবস্থায় রোগীর কাছে অক্সিজেন পৌঁছে দিতে এম্বুলেন্সের ওপর পুরোপুরি নির্ভর না করে রোগীর স্বজন বা স্বেচ্ছাসেবকের মাধ্যমে নিকটস্থ মসজিদ থেকে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করা। এরপর রোগীর প্রয়োজন অনুযায়ী অক্সিজেন সরবরাহ শুরু করে হাতের কাছে থাকা গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা কিংবা অন্য কোনো যানবাহনে হাসপাতালে নেওয়া। এতে এম্বুলেন্স আসার অপেক্ষায় সময় নষ্ট না করে হাসপাতালে পৌঁছানোর পথেও রোগী অক্সিজেন পাওয়ার সুযোগ পাবেন।
গবেষণায় বাংলাদেশের আনুমানিক আড়াই লাখ মসজিদকে সম্ভাব্য নেটওয়ার্ক হিসেবে বিবেচনা করা হয়েছে। এর ১ শতাংশ মসজিদকে যুক্ত করা গেলে ২ হাজার ৫০০টি, ৫ শতাংশ যুক্ত করা গেলে ১২ হাজার ৫০০টি এবং ১০ শতাংশ যুক্ত করা গেলে ২৫ হাজার জরুরি অক্সিজেন কেন্দ্র গড়ে তোলা সম্ভব বলে ধারণা দেওয়া হয়েছে। গবেষকের পরিকল্পনাভিত্তিক হিসাব অনুযায়ী, ১০ শতাংশ মসজিদ এ ব্যবস্থায় যুক্ত হলে বছরে প্রায় ৫০ হাজার রোগীকে সেবা দেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
প্রস্তাবিত ব্যবস্থায় প্রতিটি মসজিদে অন্তত দুটি অক্সিজেন সিলিন্ডার রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি পালস অক্সিমিটার, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক এবং জরুরি যোগাযোগব্যবস্থা রাখার প্রস্তাব রয়েছে। একটি সিলিন্ডার রোগীর সঙ্গে হাসপাতালে চলে গেলে অন্যটি মসজিদে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য থাকবে। হাসপাতাল পৌঁছানোর পর সিলিন্ডারটি ফেরত নিয়ে কোনো সহযোগী সংস্থার মাধ্যমে পুনরায় অক্সিজেন ভর্তি করে মসজিদে পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এ ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ ও সেবাপ্রাপ্তির বিষয়টিও গুরুত্ব পেয়েছে। নারী রোগীদের সেবা দিতে নারী স্বেচ্ছাসেবক রাখার প্রস্তাব দিয়েছেন গবেষক। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য এ সেবা উন্মুক্ত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
গবেষণাটিতে বলা হয়েছে, বাংলাদেশের অনেক এলাকায় জরুরি রোগী হাসপাতালে নেওয়ার জন্য এম্বুলেন্সের অপেক্ষা না করে রিকশা, অটোরিকশা কিংবা ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভর করেন। ফলে হাসপাতালে পৌঁছানোর আগের সময়টিতে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে সহজলভ্য একটি অক্সিজেন নেটওয়ার্ক গড়ে তোলা গেলে জরুরি স্বাস্থ্যসেবায় নতুন সুযোগ তৈরি হতে পারে।
তবে গবেষক স্পষ্ট করেছেন, ডিইওএন এখনো একটি প্রস্তাবিত মডেল। এটি বাস্তবে চালু করে এর কার্যকারিতা যাচাই করা হয়নি। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক, নিরাপত্তাব্যবস্থা, চিকিৎসকের তত্ত্বাবধান এবং সিলিন্ডার ব্যবস্থাপনা নিশ্চিত না করে এ কার্যক্রম শুরু করা উচিত নয়। এজন্য প্রথমে একটি এলাকায় পরীক্ষামূলক প্রকল্প চালু করে এর ব্যয়, কার্যকারিতা, নিরাপত্তা ও গ্রহণযোগ্যতা যাচাইয়ের সুপারিশ করা হয়েছে।
গবেষকের মতে, প্রচলিত জরুরি সেবায় সাধারণত এম্বুলেন্স রোগীর কাছে অক্সিজেন নিয়ে যায়। কিন্তু এ মডেলে রোগীর কাছে অক্সিজেন পৌঁছে দিয়ে যেকোনো সহজলভ্য যানবাহনকে অক্সিজেনসহ হাসপাতালে যাওয়ার বাহনে পরিণত করার ধারণা দেওয়া হয়েছে। অর্থাৎ ‘এম্বুলেন্স-টু-পেশেন্ট’ ব্যবস্থার পরিবর্তে ‘পেশেন্ট-টু-এম্বুলেন্স’ ধারণাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সঠিকভাবে পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা গেলে প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন এলাকায় এটি জরুরি স্বাস্থ্যসেবার বিকল্প ব্যবস্থা হিসেবে ভূমিকা রাখতে পারে।
পূর্বকোণ/ইবনুর

















