ইনিংসের এক বল বাকি থাকতে ছক্কা হাঁকিয়ে এক সেঞ্চুরি তুলে নিলেন শাহাদাত হোসেন। তার এই ইনিংসে ভর করে এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলকে ২৩৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শাহাদাতের দৃঢ়তায় লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
আলী রাজার জোড়া আঘাতে শুরুতেই সাইফ হাসান (২) ও মাহমুদুল হাসান জয়কে (৯) হারায় বাংলাদেশ। এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে (৪২) নিয়ে ৯৫ রানের জুটি গড়েন শাহাদাত। অঙ্কন ফেরার পর সুফিয়ান মুকিম ও হাসান নওয়াজদের তোপে ১১৮ রানে ৫ উইকেট এবং পরবর্তীতে ১৯২ রানে ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে দল।
শেষ ওভারে সেঞ্চুরির জন্য ৫ রান প্রয়োজন ছিল শাহাদাতের। ওভারের পঞ্চম বলে মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ২৪ বছর বয়সী এই ব্যাটার। ১১৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১০৩ রানে অপরাজিত থাকেন তিনি। রিপন অপরাজিত থাকেন ১৯ রানে।
টুর্নামেন্টে প্রথমবার রান তাড়া করতে নামা পাকিস্তানকে আটকাতে এখন বাংলাদেশের বোলারদের সামনে কঠিন চ্যালেঞ্জ।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

















