নগরীর সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকার লাল ইটের প্রাসাদোপম ভবন আর শতবর্ষী শিরীষগাছের ছায়াঘেরা টিলার ওপর দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক কাঠের তৈরি স্থাপনা। সিআরবিতে ঘুরতে আসা দর্শনার্থীদের অনেকেই একে অদূরে অবস্থিত ফেরোসিমেন্টের তৈরি ‘হাতির বাংলো’র সঙ্গে গুলিয়ে ফেলেন। কিন্তু পুরোনো নথিপত্র বলছে, সম্পূর্ণ কাঠের কাঠামোয় গড়া এই বাংলোটি-কেবল ব্রিটিশ আমলের রেলওয়ে প্রকৌশল ইতিহাসের নীরব সাক্ষী নয়, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধেরও সূতিকাগার। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ‘ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ)’-এর ঐতিহ্যবাহী স্থাপনার তালিকা অনুযায়ী, এনায়েতবাজার-সিআরবি এলাকার এই কাঠের বাংলোটি নির্মিত হয়েছিল ১৮৮৭ সালে। সে হিসাবে স্থাপনাটি ইতিমধ্যেই ১৩৯ বছর পার করেছে। উনিশ শতকের শেষভাগে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক রেলপথ সম্প্রসারণ এবং সিআরবিতে রেলওয়ের প্রশাসনিক সদর দপ্তর প্রতিষ্ঠার প্রাথমিক ধাপে ব্রিটিশ ঔপনিবেশিক রেলওয়ে প্রশাসন ও তাদের প্রকৌশল বিভাগ এটি নির্মাণ করে।
ইতিহাস ঘাঁটলে দেখা যায়, সিআরবির মূল লাল ইটের প্রশাসনিক ভবনটির নির্মাণকাজ ১৮৭২ সালে শুরু হয়। ১৮৯২ সালে লন্ডনে নিবন্ধিত ‘আসাম-বেঙ্গল রেলওয়ে’ কোম্পানির অধীনে ১৮৯৭ সালে পূর্ণতা পায়। মূল সদর দপ্তর পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার এক দশক আগেই রেলপথ নির্মাণ ও তদারকির মাঠপর্যায়ের কাজ পরিচালনার সুবিধার্থে পাহাড়ের টিলায় এই কাঠের বাংলোটি তৈরি করা হয়েছিল। সিআরবি পাহাড়ের অদূরে অবস্থিত ‘হাতির বাংলো’র নির্মাতা হিসেবে রেলওয়ে নথিতে ব্রিটিশ প্রকৌশলী ব্রাউনজারের নাম পাওয়া গেলেও ১৮৮৭ সালে নির্মিত কাঠের বাংলোর কোনো একক স্থপতির নামফলক সংরক্ষিত নেই। তবে এটি ব্রিটিশ রেলওয়ে প্রকৌশল বিভাগের নকশায় নির্মিত। পূর্বাঞ্চল রেলের অবসরপ্রাপ্ত বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা আবদুল বারী জানান, বাংলোটি ব্রিটিশ আমলে নির্মিত। পূর্বাঞ্চল রেল গঠন হবার পর বাংলোটিতে রেলের কর্মকর্তারা বাসভবন হিসাবে ব্যবহার করতেন। কাঠের তৈরি হওয়ায় বাংলোটি বর্তমানে অনেকটা নাজুক অবস্থায় রয়েছে। তবে এটি এখন সংস্কারে হাত দিয়েছে রেলওয়ে।
রেলওয়ের নথিপত্র থেকে জানা যায়, উনিশ শতকে ইট-সুরকির গাঁথুনির যুগে পাহাড়ের চূড়ায় ব্যয়বহুল ও সম্পূর্ণ কাঠের কাঠামোয় এই বাংলো নির্মাণের পেছনে ব্রিটিশ প্রশাসনের তিনটি সুনির্দিষ্ট কৌশলগত কারণ ছিল। তা হলো-চট্টগ্রাম বন্দর থেকে আসাম পর্যন্ত রেললাইন স্থাপন। সিআরবিতে রেলওয়ের প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলার কাজে নিযুক্ত ব্রিটিশ নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রকৌশলীদের বসবাস এবং দাপ্তরিক কাজ পরিচালনার জন্য নির্জন পাহাড়ি টিলায় এই বাংলোটি বানানো হয়েছিল।
চট্টগ্রাম অঞ্চল ঐতিহাসিকভাবেই ভূমিকম্পপ্রবণ। ১৭৬২ সালের প্রলয়ংকরী ভূমিকম্পের ভয়াবহ ক্ষয়ক্ষতির বিবরণ ব্রিটিশ প্রশাসনের নথিতে সংরক্ষিত ছিল। উঁচু পাহাড়ি টিলায় ভারী ইট-সুরকির ভবনের চেয়ে মজবুত বার্মিজ সেগুন কাঠের ফ্রেমের স্থাপনা ভূমিকম্পের ঝাঁকুনি সহ্য করতে অনেক বেশি কার্যকর ও নিরাপদ ছিল।
চট্টগ্রামের অতিরিক্ত আর্দ্রতা, প্রবল বর্ষা এবং গ্রীষ্মের ভ্যাপসা গরম মোকাবিলায় মাটি থেকে কিছুটা উঁচু কাঠের পাটাতন, প্রশস্ত বারান্দা এবং উঁচু ঢালু ছাদের নকশা ব্যবহার করা হয়েছিল। যা ভবনের ভেতরে প্রাকৃতিক বায়ুপ্রবাহ ও শীতল পরিবেশ নিশ্চিত করত। ব্রিটিশ আমলের এই অভিজাত আবাসিক বাংলোটি ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়ে প্রবেশ করে ১৯৭১ সালের উত্তাল মার্চে। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের (ইপিআর) অ্যাডজুট্যান্ট এবং পরবর্তীতে ১ নম্বর সেক্টরের কমান্ডার মেজর রফিকুল ইসলাম (বীর উত্তম) পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে কাঠের বাংলোটিকেই প্রথম অপারেশনাল হেডকোয়ার্টার হিসেবে বেছে নিয়েছিলেন। এখান থেকেই চট্টগ্রাম অঞ্চলে প্রাথমিক প্রতিরোধ যুদ্ধের রণকৌশল, পরিকল্পনা ও নির্দেশনা পরিচালিত হয়েছিল। ফলে ব্রিটিশ স্থাপত্যের এই নিদর্শনটি হয়ে ওঠে স্বাধীন বাংলাদেশের জন্ম-ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ।
ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তির তালিকায় বাংলোটি ইউ-ই-১০-৯৭ আইডিতে নথিভুক্ত রয়েছে। ২০২০ ও ২০২১ সালে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম নিজে বাংলোটি পরিদর্শন করেন। এটি যথাযথভাবে সংরক্ষণ ও এখানে একটি মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ে তোলার উদ্যোগের কথা জানিয়েছিলেন। নিয়মিত সংস্কারের অভাবে প্রায় দেড় শতাব্দী প্রাচীন এই কাঠের স্থাপনাটিতে এখন ক্ষয় ধরেছে। বার্মিজ সেগুনের ঐতিহ্যবাহী কারুকাজ ও কাঠামো ক্রমেই জীর্ণ হয়ে পড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সংরক্ষণ ও সংস্কার উদ্যোগ না থাকলে চট্টগ্রাম অচিরেই হারাবে এমন এক বিরল ও অমূল্য স্থাপত্য। যেখানে ব্রিটিশ রেলওয়ের গোড়াপত্তন আর স্বাধীন বাংলাদেশের মুক্তিসংগ্রামের বীরত্বগাথা একই কাঠের পাটাতনে মিশে আছে।
পূর্বকোণ/ইবনুর

















