২০২৪ সালের গণঅভ্যুত্থানে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ছাত্র-শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মপ্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেন, পটিয়া মাদ্রাসা শুধু একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রাম ও নানা ত্যাগের সঙ্গে এই প্রতিষ্ঠানটির গভীর সম্পর্ক জড়িয়ে আছে।
শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পটিয়া মাদ্রাসার ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে ধর্মপ্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রান্তিকালে এ প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় এই মাদ্রাসায় বোমাবর্ষণের ঘটনা ঘটে এবং এতে অনেকে শহীদ হন। একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও পটিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আন্দোলনে অংশ নিয়ে অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন।
আলেম-ওলামাদের মর্যাদা ও কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মোহাম্মদ শামীম কায়সার বলেন, ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন এবং আলেম-ওলামাদের অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়পরায়ণতা ও আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার যে অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমান করেছেন, সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের রূপরেখা অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পাশাপাশি দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য ধর্মের উপাসনালয়ের দায়িত্বে থাকা প্রতিনিধিদেরও সম্মানী দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
ধর্মীয় ও সামাজিক কল্যাণে অতীতের অবদান উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন এবং পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু করে। এসব উদ্যোগ দেশের ধর্মীয় ও সামাজিক উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করছে।
এ সময় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম, পটিয়ার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/রানা/পারভেজ


















