চট্টগ্রাম শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চুয়েটের সংকট নিরসন দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ

চুয়েটের সংকট নিরসন দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ

রাউজান সংবাদদাতা

২৭ নভেম্বর, ২০২৬ | ৭:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

অবরোধ কর্মসূচিতে যোগ দিতে বিকেল সাড়ে তিনটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে সেখানে সমবেত হওয়ার পর শিক্ষার্থীরা সংঘবদ্ধভাবে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কাপ্তাই সড়কে অবস্থান নেন।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের স্লোগানের মধ্যে ছিল, ‘যে ভিসি ছাত্র মারে, সে ভিসি আমার না’ এবং ‘মানি না মানবো না, শরীফুলকে মানি না’। অবরোধ কর্মসূচি থেকে চুয়েটের চলমান সংকটের অবসানে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের দাবিও জানান তারা।

কর্মসূচিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আবির বলেন, তাদের আন্দোলন সরকারবিরোধী কোনো কর্মসূচি নয়। দীর্ঘ ৭০ দিন ধরে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসছেন। তারা কোনো ধরনের সহিংসতা চান না। বরং প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে দ্রুত এ সংকটের সমাধান চান।

আব্দুল্লাহ আবির আরও বলেন, এত দিন তারা সড়ক অবরোধ কিংবা জনদুর্ভোগ সৃষ্টি হয়, এমন কোনো অস্থিতিশীল কর্মসূচিতে অংশ নেননি। তবে কোনো ধরনের হুমকি দিয়ে তাদের আন্দোলন থেকে সরিয়ে রাখা যাবে না। অধ্যাপক শরীফুল আলমকে তারা উপাচার্য হিসেবে চান না। তাঁর পরিবর্তে অন্য কাউকে উপাচার্য নিয়োগ দেওয়া হলেই চলমান সংকটের সমাধান সম্ভব বলে মনে করেন তারা।
এদিকে সড়কে অবস্থান নেওয়ার কারণে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রায় আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল এবং বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন।

দীর্ঘদিনের অচলাবস্থার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ক্লাস কার্যক্রম শুরু হয়েছিল। তবে ক্লাস শুরু হলেও উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকটের স্থায়ী কোনো সমাধান হয়নি। এ অবস্থায় গত ২৬ নভেম্বর থেকে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় সংকট নিরসনের দাবিতে শুক্রবার কাপ্তাই সড়ক অবরোধের কর্মসূচি পালন করেন তারা।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট