চট্টগ্রাম শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

শাহ আমানত মাজার থেকে ককটেলসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২৬ | ১২:২৭ পূর্বাহ্ণ

নগরের শাহ আমানত (রা.) মাজার এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে জেল রোড এলাকায় অবস্থিত মাজারের সামনের উঠান থেকে তাদের আটক করা হয়।
 
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
 
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, মাজারের ভেতরেই ওই দুই ব্যক্তি অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ককটেলটি উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
 
ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের নাশকতার উদ্দেশ্য ছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। 
এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করছে।
 
চট্টগ্রামের অন্যতম প্রসিদ্ধ ধর্মীয় স্থান শাহ আমানত (রা.) মাজারে ককটেল উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাজার থেকে কয়েকশ গজ দূরেই অবস্থিত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার।
 
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাজারের উঠানে অবিস্ফোরিত ককটেলটি পড়ে থাকতে দেখা যায়। সেটিকে ঘিরে সেখানে শতাধিক মানুষের ভিড় জমে। এ সময় পুলিশ সদস্যদেরও মাজার এলাকায় অবস্থান করতে দেখা যায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট