চট্টগ্রাম শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

নিষেধাজ্ঞা অমান্য করে সেন্টমার্টিনে ছাত্রদলের বাইক মহড়া

নিষেধাজ্ঞা অমান্য করে সেন্টমার্টিনে ছাত্রদলের বাইক মহড়া

কক্সবাজার সংবাদদাতা

২৭ নভেম্বর, ২০২৬ | ৯:৪৮ অপরাহ্ণ

সেন্টমার্টিন দ্বীপের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমুদ্রসৈকতে সব ধরনের মোটরসাইকেলসহ যান্ত্রিক যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। কিন্তু সরকারি এই আইনি বিধিনিষেধ উপেক্ষা করে দ্বীপটির নাযুক বালিয়াড়িতে দলবেঁধে মোটরসাইকেল শোডাউন ও মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে টেকনাফ উপজেলা ছাত্রদলের শীর্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও ছবিতে দেখা যায়, প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের নাযুক সৈকতজুড়ে অন্তত ৭টি মোটরসাইকেলে চড়ে মহড়া দিচ্ছেন ছাত্রদলের একদল নেতাকর্মী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ‘টেকনাফ উপজেলা ছাত্রদল’ নামের একটি ফেসবুক পেজ থেকেও উক্ত বাইক শোডাউনের ভিডিও দৃশ্য প্রকাশ পায়। ভিডিওতে টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েমুল ইসলাম, হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সৈকত, হোয়াইক্যং দক্ষিণ শাখা ছাত্রদল নেতা মালেক হোসেন নোবেলসহ সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রদলের একাধিক স্থানীয় নেতাকর্মীকে সৈকতের বালুচরে উচ্চগতিতে বাইক চালাতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি টেকনাফ উপজেলা ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মী সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যান। সেখানে সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করেই দ্বীপের পরিবেশের জন্য স্পর্শকাতর সৈকতের বালুচরে একসঙ্গে কয়েকটি বাইক নিয়ে শোডাউন দেওয়া শুরু করেন তারা।

বিষয়টি স্বীকার করে টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম বলেন, “আমরা সৈকত দিয়ে এক পাড়া থেকে অন্য একটি পাড়ায় গিয়েছিলাম। এটা আমাদের কোনো বাইক শোডাউন ছিল না, সেখানে বেশি বাইকও ছিল না; মাত্র ৪-৫টি বাইক ছিল।”

সৈকতে যানবাহন চলাচলের বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম অনিক চৌধুরী বলেন, “এ বিষয়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবেশ সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সৈকতে পরিবেশ বিরোধী কর্মকাণ্ড বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেল-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম এ প্রসঙ্গে বলেন, সেন্টমার্টিনের কোমল ও পরিবেশগত সংবেদনশীল সৈকতে যেকোনো ধরনের যান্ত্রিক যানবাহন চলাচল সম্পূর্ণ আইনিভাবে নিষিদ্ধ। সেন্টমার্টিন দ্বীপের বিরল জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনবান্ধব পরিবেশ রক্ষায় দ্বীপের বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য, পরিবেশ দূষণ ও সৈকতে মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। গত ২৩ নভেম্বর দ্বীপে বিশেষ অভিযান চালিয়ে সেন্ট ক্যাসেল রিসোর্টকে পরিবেশ দূষণের দায়ে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং সৈকতের বালুচরে বিধিনিষেধ অমান্য করে চালানোর অপরাধে ৪টি মোটরসাইকেল জব্দ করেছিল প্রশাসন।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট