চট্টগ্রাম শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মার্কিন দখল থেকে দুই তেল ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের

মার্কিন দখল থেকে দুই তেল ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের

অনলাইন ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৬ | ৮:০৬ অপরাহ্ণ

মার্কিন সামরিক বাহিনীর ‘চুরি করা’দুটি ইরানি তেল ট্যাংকার পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরানের নৌবাহিনী।
শুক্রবার (২৭ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে মার্কিন কর্মকর্তাদের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
 
ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী দুটি ইরানি তেল ট্যাংকার চুরি করেছিল। কিন্তু ইরানি নৌবাহিনীর সদস্যরা জাহাজগুলোর ক্রুরা ঘুমিয়ে থাকার সুযোগে সেগুলোতে উঠে পড়ে এবং ট্যাংকার দুটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়।
 
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা দেওয়ার বিনিময়ে মার্কিন বাহিনী জাহাজ মালিকদের কাছ থেকে অর্থ নিচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান।
 
ইরানের দাবি, নিরাপত্তার অর্থ নেওয়ার পরও জাহাজগুলো যখন হামলার শিকার হয়, তখন মার্কিন বাহিনী বিষয়টি স্বীকার করে না এবং নেওয়া অর্থও ফেরত দেয় না।
 
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এর জেরে ইসরায়েল ও আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায় ইরান।
 
পরবর্তীতে হরমুজ প্রণালিতে নৌচলাচল নিয়ে মতবিরোধের জেরে গত ১৮ জুন পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক আটকে যায়। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও জুলাই থেকে অঞ্চলটিতে মাঝেমধ্যেই সামরিক সংঘাত চলছে।
 
সূত্র: আনাদোলু এজেন্সি
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট