আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো থাকায় বাজারে দাম স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভোজ্যতেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, সয়াবিন ও পাম অয়েলের উৎপাদনস্থল বাংলাদেশ নয়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারে দাম সমন্বয় করতে হয়েছে। তবে প্রচলিত পদ্ধতি অনুযায়ী তেলের দাম আরও বেশি হওয়ার কথা থাকলেও আমদানিকারকদের ওপর একধরনের চাপ প্রয়োগ করে বর্তমান দাম ধরে রাখা হয়েছে। তেলের মূল্য নির্ধারণের সূত্রটি গোপন নয়; সাংবাদিকেরা চাইলে মন্ত্রণালয় থেকে তা সংগ্রহ করে যাচাই করতে পারেন।
এছাড়া গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনের অস্বাভাবিক প্রবণতা দেখা যাওয়ায় সরকার সতর্কতামূলক অবস্থান নিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।
এর আগে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) সিএসআর কর্মসূচির আওতায় সিলেট সদর উপজেলার অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।
তিনি বলেন, উপকারভোগীরা কৃত্রিম অঙ্গ বুঝে পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে অর্থ ছাড় করা হবে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভর করতে বিসিক বা এসএমই কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ ও ক্ষুদ্র পুঁজির সহযোগিতা দেওয়া হবে।
শিল্প মন্ত্রণালয়ের সচিব ও কাফকো’র চেয়ারম্যান আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য এম এ মালিক, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

















