চট্টগ্রাম সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, কখন কোথায় আঘাত হানবে?

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, কখন কোথায় আঘাত হানবে?

আবহাওয়া ডেস্ক

২ নভেম্বর, ২০২৬ | ১১:২৫ পূর্বাহ্ণ

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও পাশের দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।
 
 
আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার ভোররাত ৩টায় প্রবল ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৩৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১২৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
 
 
ভারতের আবহাওয়া দপ্তর বলছে, এদিনই অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে ঝড়টি। রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যে তা উপকূল অতিক্রম করতে পারে।
 
 
এ সময় ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ উঠতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত।
 
 
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ভোররাতে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৮৯ কিলেমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।
 
 
প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
 
 
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন