চট্টগ্রাম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

ভুয়া কোভিড সনদ নেওয়ায় দল থেকে বাদ পড়লেন সুইজারল্যান্ড অধিনায়ক

ভুয়া কোভিড সনদ নেওয়ায় দল থেকে বাদ পড়লেন সুইজারল্যান্ড অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৫৯ অপরাহ্ণ

কোভিড-১৯ টিকার ভুয়া সনদ নেওয়ার অভিযোগ স্বীকার করে সুইজারল্যান্ড জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছেন অধিনায়ক গ্রানিত জাকা। ফলে আসন্ন নেশনস লিগে খেলতে পারবেন না সান্ডারল্যান্ডের এই মিডফিল্ডার। বিষয়টি নিয়ে সুইস ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পরই দলীয় ক্যাম্পে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জাকা অতীতের ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। ২০২২ সালে কোভিড টিকা নিয়ে অনিশ্চয়তা, ভয় ও অবিশ্বাসের মধ্যে সঠিক প্রক্রিয়া অনুসরণ না করে টিকার সনদ সংগ্রহ করেছিলেন বলে জানান তিনি। নিজের সিদ্ধান্তকে ভুল স্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছেন সুইস অধিনায়ক।

জাকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সুইস ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পিটার ন্যাবেল। তার মতে, দলের স্বার্থেই এই আন্তর্জাতিক বিরতিতে জাকার অনুপস্থিতিতে ক্যাম্প চালিয়ে যাওয়ার বিষয়ে দুপক্ষ একমত হয়েছে। আপাতত দলের প্রস্তুতিতে মনোযোগ দিতে চায় সুইজারল্যান্ড।

২০২২ সালে আর্সেনালে খেলার সময়ের এই ঘটনা নিয়ে বর্তমানে তদন্ত করছে লুসার্নের প্রসিকিউটর কার্যালয়। ভুয়া কোভিড সনদ সংগ্রহের ঘটনায় ফৌজদারি অপরাধ হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে জাকাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে এখনো তার বিরুদ্ধে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার রায় হয়নি।

সুইজারল্যান্ডের হয়ে ১৫২টি ম্যাচ খেলা জাকা এবার দলের সঙ্গে তুরস্কের বেলেকে যোগ দিচ্ছেন না। নেশনস লিগে উত্তর মেসিডোনিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের পাশাপাশি স্লোভেনিয়া ও উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে ঘরের মাঠের ম্যাচগুলোতেও থাকবেন না তিনি।

আন্তর্জাতিক বিরতি শেষে জাকার পরিস্থিতি পুনর্মূল্যায়ন করবে সুইস ফুটবল অ্যাসোসিয়েশন। এরপরই জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন