চট্টগ্রাম মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

মাদ্রিদ ডার্বি হারের পর শাস্তির শঙ্কায় রিয়াল মাদ্রিদ

মাদ্রিদ ডার্বি হারের পর শাস্তির শঙ্কায় রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:০৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে বেশ বড়সড় অস্বস্তি মাথায় নিয়ে ফিরতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। চলতি মৌসুমের শুরুটা পারফরমেন্স এমনিতেই খুব একটা উজ্জ্বল হয়নি তাদের। এরমধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলের হার ক্লাবটির দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।

রেফারির কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে ভালোই উত্তপ্ত ছিল মাদ্রিদ ডার্বি। তার ওপর আলোচনার নতুন মোড় দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে দেরি হওয়া, যার পুরো দায়টাই রিয়াল মাদ্রিদের।

রিয়ালের দেরির কারণেই দ্বিতীয়ার্ধের খেলা নির্ধারিত সময়ের চেয়ে প্রায় পাঁচ মিনিট দেরিতে শুরু হয়। আর এই অনিয়মের জেরে এখন বড়সড় শাস্তির বা বিপাকের মুখেই পড়তে হতে পারে গ্যালাকটিকোদের।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার কারণে বেশ বড়সড় শাস্তির মুখেই পড়তে পারে রিয়াল মাদ্রিদ। ম্যাচের অফিশিয়াল প্রতিবেদনে রেফারি মিগুয়েল আনহেল অর্টিজ আরিয়াস এই বিলম্বের বিষয়টি স্পষ্টভাবে টুকে রেখেছেন। তিনি উল্লেখ করেন, রিয়াল মাদ্রিদ ফুটবলাররা মাঠে নামতে দেরি করার কারণেই দ্বিতীয়ার্ধের খেলা নির্ধারিত সময়ের চেয়ে পাঁচ মিনিট পিছিয়ে শুরু করতে হয়েছিল।

রেফারির এই নোটটিই এখন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরইএফই) নিয়মানুযায়ী রিয়ালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পথ তৈরি করে দিচ্ছে। আরএফইএফ-এর ৮৯ নম্বর ধারা অনুযায়ী, ম্যাচের শুরুতে কিংবা বিরতির পর দ্বিতীয়ার্ধে মাঠে নামতে কোনো দল অযথা দেরি করলে সেই ক্লাবকে সর্বোচ্চ ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।

তবে সবচেয়ে বড় শঙ্কার জায়গা অন্য জায়গায়। এ ধরনের ভুলের পুনরাবৃত্তি ঘটলে তা কোচের অসদাচরণ হিসেবে গণ্য হতে পারে। যার মাশুল হিসেবে কোচকে লাল কার্ড দেখা কিংবা এক থেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করারও নিয়ম রয়েছে। ফলে রিয়াল মাদ্রিদের জরিমানার পাশাপাশি শাস্তির এই খড়্গ সরাসরি জোসে মরিনিয়োর কাঁধেও এসে পড়তে পারে।

আতলেতিকোর কাছে হার আন্তর্জাতিক বিরতির আগে রিয়াল মাদ্রিদকে ভাবনার বড়সড় খোরাক দিয়ে গেছে। নিজেদের চেনা ছন্দ ও সেরা ফর্ম ফিরে পাওয়ার এই লড়াইয়ে শৃঙ্খলাজনিত নতুন কোনো ঝামেলায় জড়ানো, এই মুহূর্তে নিশ্চয়ই দলটির কাম্য হতে পারে না।

পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট