ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি দেশের খোলাবাজারেও বাড়ছে মার্কিন ডলারের দাম। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় নগদে প্রতি ডলারের বিনিময়মূল্য ১৩০ টাকা ছাড়িয়েছে। গত দুই দিন ধরে খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১৩০ টাকা ৫০ পয়সা থেকে ১৩০ টাকা ৭০ পয়সা দরে। যদিও মানিচেঞ্জার অ্যাসোসিয়েশনের নির্ধারিত দর ১২৯ টাকা ৫০ পয়সা।
রাজধানীর মতিঝিলের বিভিন্ন মানি চেঞ্জারে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল থেকেই ১৩০ টাকা ৫০ পয়সার নিচে নগদ ডলার পাওয়া যাচ্ছে না। এর আগে গত মঙ্গলবার খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকার নিচে ছিল। দুই সপ্তাহ আগেও প্রতি ডলার ১২৮ টাকার আশপাশে কেনা-বেচা হয়েছে।
খোলাবাজারের পাশাপাশি ব্যাংকিং চ্যানেলেও ডলারের দাম বেড়েছে। বর্তমানে ব্যাংকগুলো প্রবাসী আয় বা রেমিট্যান্সের ডলার কিনছে ১২৫ থেকে ১২৬ টাকা দরে। অন্যদিকে, আমদানির জন্য ডলার বিক্রি করছে সর্বোচ্চ ১২৫ টাকা ৩০ পয়সা দরে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জ্বালানি আমদানির ব্যয় বেড়ে যাওয়া, বিদেশি বিনিয়োগ কমে আসা এবং রপ্তানি আয়ে প্রত্যাশিত গতি না থাকায় বৈদেশিক মুদ্রার বাজারে চাপ তৈরি হয়েছে। এর সঙ্গে বিদেশগামী যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় খোলাবাজারে নগদ ডলারের সরবরাহও কমেছে।
মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা জানান, ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী নগদ ডলার না পাওয়ায় অনেক গ্রাহক খোলাবাজারের ওপর নির্ভর করছেন। ফলে সরবরাহ কম থাকার মধ্যে চাহিদা বেড়ে যাওয়ায় ডলারের দাম আরও বেড়েছে। ব্যবসায়ীদের মতে, ব্যাংকিং চ্যানেলে নগদ ডলারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা না গেলে খোলাবাজারে দামের ওপর চাপ অব্যাহত থাকতে পারে।
পূর্বকোণ/আরআর

















