চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আদালতের নির্দেশনা অনুযায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী

আ.লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আদালতের নির্দেশনা অনুযায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৬ নভেম্বর, ২০২৬ | ৭:১২ অপরাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আদালতের নির্দেশনা ও আইনের বিধান অনুসারে নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ গঠন ও অভিযোগপত্র দেওয়া হবে। এরপর আদালত আইনানুগভাবে বিচার পরিচালনা করবেন।
 
রাজধানীর নয়াপল্টনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিজয়ের মাসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশের প্রস্তুতি সভা শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। দলটির রাজনৈতিক চরিত্রে কখনো গণতন্ত্র ছিল না। তাদের ইতিহাসে একনায়কতন্ত্র ও একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রবণতা ছিল।
 
তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো দেশে গণহত্যা চালিয়ে যারা রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করেছে, নিজ দেশের মানুষকে হত্যা করেছে, তারা আর কখনো দেশে রাজনীতি করতে পারেনি, ফিরতে পারেনি। পতিত ফ্যাসিবাদী শক্তিরাও এ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না।
 
 
 
গণতান্ত্রিক আচরণ ও ধৈর্য ধারণের কারণে বিএনপি সরকার দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার কোনো রক্তপাত চায়নি। ধৈর্য ও গণতান্ত্রিক আচরণের কারণে বিএনপির আত্মত্যাগ ও ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।
 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করবে না। তবে জনগণের জানমাল রক্ষার প্রয়োজন হলে আইনানুগভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সরকার এ অবস্থান আগেই ঘোষণা করেছে। সরকার গণতান্ত্রিক আচরণ করবে বলে অঙ্গীকারাবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে প্রতিষ্ঠান শক্তিশালী করা হবে
 
আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের চর্চা ছিল না বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, দলটি স্বাধীনতার পর থেকেই একনায়কতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক প্রবণতা দেখিয়েছে। একদলীয় রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করেছে। পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়েও একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল। জনগণের দীর্ঘ আন্দোলন সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
 
বিএনপির নেতৃত্বে দেশে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে একবার বেগম খালেদা জিয়া, আরেকবার তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। তাঁদের নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে অবরুদ্ধ গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মুক্ত হয়েছিল।
 
বিএনপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক চর্চা করার অঙ্গীকার করেছে বলেও উল্লেখ করেন তিনি।
 
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে চায়। গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে। যাতে ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান ও পুনরুত্থান না ঘটে। এ প্রতিজ্ঞা বিএনপি ও দেশের জনগণের রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
 
আগামী বিজয়ের মাসের কর্মসূচি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ১ ডিসেম্বর থেকে গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে বিজয়ের মাসের কর্মসূচি শুরু হবে। এরপর ধাপে ধাপে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হবে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি চলবে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী এসব কর্মসূচিতে অংশ নেবেন এবং নেতা-কর্মীদের অনুপ্রাণিত করবেন বলে জানান তিনি।
 
 
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট