চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে ২১ মাস বয়সী শিশু আবদুল্লাহর মৃত্যুর পর ঘর থেকে পদ্ম গোখরা সাপটি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়ার রশিদ আহমেদের বাড়িতে প্রবাসী ওসমান আলীর বসতঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।
ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য আমীর হোসাইন শাওন সাপটি উদ্ধার করেন।
আমীর হোসাইন শাওন জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে যান তিনি। ঘরে একটি গর্ত ছিল। প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার করা সাপটি বিষধর পদ্ম গোখরা।
শাওন বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারি রাতে ঘরের ভেতর একটি ব্যাঙ দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, ব্যাঙটি শিকার করতে সাপটি গর্ত থেকে বের হয়ে ঘরে ঢোকে। এ সময় শিশুটি ঘরের ভেতর খেলছিল। তখন আত্মরক্ষার্থে সাপটি শিশুটিকে ছোবল দেয় বলে ধারণা করা হচ্ছে।
শাওন বলেন, সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে নিতে হবে। শীতের শুরুতে সাপ খাবারের সন্ধানে বের হয় এবং নিরাপদ আশ্রয় খোঁজে। এ সময় সতর্ক থাকা প্রয়োজন।
এর আগে রবিবার (২২ নভেম্বর) রাতে বোয়ালখালীতে সাপের কামড়ে ২১ মাস বয়সী শিশু আবদুল্লাহর মৃত্যু হয়। রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবদুল্লাহ উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়ার সিদ্দিক আহমদের বাড়ির প্রবাসী ওসমান আলীর ছেলে। তিন বছর আগে ওসমান আলীর সঙ্গে ওয়াফিকা আলিফের বিয়ে হয়। আবদুল্লাহ তাদের একমাত্র সন্তান ছিল।
পূর্বকোণ/পিআর


















