চট্টগ্রাম সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ঐক্য জুলাইয়ের, নতুন কিছু নয়: মাহদী আমিন

ঐক্য জুলাইয়ের, নতুন কিছু নয়: মাহদী আমিন

অনলাইন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৬ | ৭:০১ অপরাহ্ণ

বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক শেষে নতুনভাবে ঐক্য হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তার মতে, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই ফ্যাসিবাদবিরোধী গণতন্ত্রকামী মানুষের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে এবং এ মতবিনিময়ের লক্ষ্য সেই ঐক্যকে আরও সুসংহত করা।
 
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মাহদী আমিন এ কথা বলেন।
 
বৈঠক প্রসঙ্গে মাহদী আমিন বলেন,‘মতবিনিময় সভায় এনসিপির প্রতিনিধি দল উনাদের বিষয়গুলো তুলে ধরেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেছেন। এখানে ঐক্য নতুনভাবে হওয়ার কিছু নাই।’
 
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন,‘জুলাই-আগস্টেই কিন্তু আমাদের একটা ঐক্য ফুটে উঠেছিল। সে ঐক্যের সময় কেউ চিন্তা করেনি কার রাজনৈতিক আদর্শ কী। দেশে-বিদেশে সকল শ্রেণি-পেশার মানুষ এক হয়েছিল। স্বাধীন সার্বভৌম ও তাবেদার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতন্ত্রকামী মানুষের ইতোমধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, আমরা সে ঐক্যটাকে আরও সুসংহত করতে চাই।’
 
পতিত স্বৈরাচারের নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে সর্বাত্মক অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন,‘পলাতক স্বৈরাচারের প্রতি অপশক্তি যেখানেই থাকুক, সেখান থেকে কোনো ধরনের অস্থিতিশীলতা যেন বাংলাদেশে তৈরি করা না হয়। ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে আমরা মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ রয়েছি সবার কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই।’
 
দুপুর ১টা ২০ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। ৩৫ মিনিটের এ বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এনসিপি নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজও সারেন প্রধানমন্ত্রী।
 
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও সারাদেশের চলমান অবস্থা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই মতবিনিময়ে এনসিপি নেতৃবৃন্দ ও প্রধানমন্ত্রী নিজ নিজ বক্তব্য তুলে ধরেন।
 
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ কয়েকটি স্থানে অগ্নিসংযোগ ও বোমা হামলার প্রসঙ্গ তুলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংসদের ভেতরে-বাইরের গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
 
সংস্কার ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করে মাহদী আমিন বলেন, নির্বাচনি ম্যানিফেস্টো ও জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন করা হবে, এতে ন্যূনতম কোনো বিচ্যুতি নেই।
 
তিনি জানান, সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রেকর্ড প্রায় শতাধিক অর্ডিনেন্সকে আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কারকে একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী তা বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
 
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারি উপস্থিত ছিলেন।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট