চট্টগ্রাম সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় স্বামী ও মেয়ের মৃত্যুর কথা না জেনেই চলে গেলেন স্ত্রী

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় স্বামী ও মেয়ের মৃত্যুর কথা না জেনেই চলে গেলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৬ | ৪:২৪ অপরাহ্ণ

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় স্বামী ও দুই বছর বয়সী মেয়েসহ পরিবারের চার সদস্যের মৃত্যুর খবর জানার আগেই মারা গেলেন তানিয়া সুলতানা (২২)। 
 
 
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 
 
 
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় তাদের বহনকারী অটোরিকশা।
 
 
এ ঘটনায় তানিয়ার স্বামী সাজ্জাদ হোসেন (২৮), মেয়ে মাশরুফা হোসাইন (২), সাজ্জাদের ছোট বোন কাসফিয়া জান্নাত (২০) এবং কাসফিয়ার ছেলে সাহিল (৩) ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার পর তানিয়া ও শিশু আয়াত মনিকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার রাতেই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তানিয়াকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তিনদিন চিকিৎসাধীন থাকার পর আজ তানিয়ার মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। আহত শিশু আয়াত মনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
 
 
তানিয়ার বড় বোন রিমা আক্তার জানান, দুর্ঘটনায় তানিয়ার মাথায় গুরুতর আঘাত লাগে। তিনি হাত-পা নাড়াতে পারলেও কথা বলতে পারতেন না। অনেকটা অচেতন অবস্থায় ছিলেন। এ কারণে স্বামী ও সন্তানের মৃত্যুর খবর তাকে জানানো হয়নি।
 
 
তানিয়ার মা আজিজ খানম বলেন, ‘স্বামী-সন্তান যে মারা গেছে, তিনদিনেও আমার মেয়ে জানতে পারেনি। সকালে মেয়েটাও মারা গেল। আমার সব শেষ হয়ে গেছে, আমার বুক খালি হয়ে গেল’।
 
 
রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংটি ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত ছিল। সেখানে কোনো গেট বা গেটম্যান ছিল না। ব্যারিয়ার স্থাপনের জন্য রেল বিভাগকে জানানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট