চট্টগ্রাম সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মিফতাহুলের মৃত্যু

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মিফতাহুলের মৃত্যু

২৩ নভেম্বর, ২০২৬ | ৩:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কলেজ ছাত্রী মিফতাহুল জান্নাত দিলশাত (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

সোমবার (২৩ নভেম্বর) সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতদিন পর তার মৃত্যু হয়।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ সড়কের ব্যস্ততম চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। সড়ক পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

 

নিহত মিফতাহুল জান্নাত পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের এস এম খায়রুজ্জামানের বাড়ির বাসিন্দা। তার বাবা মৃত আনিসুজ্জামান ও মা রিজিয়া বেগম। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। তবে পড়াশোনার জন্য তিনি মাঝেমধ্যে তার নানার বাড়ি আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকার আমির আলী মাঝির বাড়িতে থাকতেন।

 

তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হন। স্নাতকে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে যাওয়ার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি।

 

নিহতের মামা হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সাতদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।

 

তিনি বলেন, দুর্ঘটনার পর চিকিৎসার পেছনে পরিবারের প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু অভিযুক্ত মোটরসাইকেলচালক একবারও হাসপাতালে এসে তাঁর ভাগনির খোঁজ নেননি। মিফতাহুলের বাবা নেই। অনেক কষ্টে তাঁকে বড় করা হয়েছিল।

 

সোমবার আসরের নামাজের পর পটিয়ায় গ্রামের বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো স্বজনরা কোনো অভিযোগ বা মামলা করেননি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট