শীতের সকালে বা সন্ধ্যায় গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা বাঙালির চিরায়ত ঐতিহ্য। খুব সহজ কিছু উপকরণ আর সঠিক নিয়মে ঘরেই তৈরি করে ফেলা যায় একদম নরম ও সুস্বাদু ভাপা পিঠা। চলুন দেখে নেওয়া যাক, খুব সহজেই কীভাবে পারফেক্ট ভাপা পিঠা তৈরি করা যায়।
প্রয়োজনীয় উপকরণ
মূল উপকরণের জন্য:
১. আতপ চাল – ২ কাপ (চাইলে সামান্য সেদ্ধ চাল বা পোলাও চাল মিশিয়ে নিতে পারেন, তবে খাঁটি আতপ চালে স্বাদ ও গন্ধ সবচেয়ে ভালো আসে)
২. খেজুরের গুড় – ১ কাপ (কুচি করা বা ঝুরি করা)
৩. নারকেল কোরা – ১ কাপ
৪. লবণ – স্বাদমতো
৫. কুসুম গরম পানি – প্রয়োজনমতো
ভাপ দেওয়ার সরঞ্জাম:
১. ভাপা পিঠার হাঁড়ি ও ছিদ্রযুক্ত ঢাকনা (হাঁড়ির মুখে কাপড় বা আটা দিয়ে সিল করার ব্যবস্থা থাকতে হবে)
২. পাতলা সুতি কাপড় বা নেটের টুকরো (২টি)
৩. ছোট বাটি বা স্টিলের বাটি (পিঠা ভরে ঢাকনা দেওয়ার জন্য)
ধাপে ধাপে প্রস্তুত প্রণালি:
চালের গুঁড়া তৈরি ও ভেজানো
চাল ভালো করে ধুয়ে ৩–৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। পানি ঝরিয়ে চাল হালকা বাতাসে বা ছায়ায় এমনভাবে শুকিয়ে নিন যেন চাল একেবারে শুকনো না হয়ে যায়, আবার হাতে ধরলে ভিজেও না থাকে (হালকা আর্দ্রতা থাকা জরুরি)। ব্লেন্ডারে বা ঢেঁকিতে গুঁড়া করে চালনি দিয়ে চেলে নিন। মিহি গুঁড়া একপাশে সরিয়ে রাখুন।
চালের গুঁড়ায় পানি ও লবণ মেশানো
একটি বড় গামলায় চালের গুঁড়া নিয়ে সামান্য লবণ মেশান। অল্প অল্প করে কুসুম গরম পানি ছিটিয়ে হাতের তালু দিয়ে হালকাভাবে ঘষে গুঁড়াগুলো ঝরঝরে করে নিন।
পরীক্ষা করার নিয়ম: একমুঠো চালের গুঁড়া হাতে নিয়ে চাপ দিন। দলা পাকিয়ে গেলে আবার হালকা ঝুরঝুরে করে ভেঙে দিন—দলা যেন শক্ত হয়ে না থাকে, আবার একদম শুকনোও না হয়।
পিঠা সাজানো
১. ভাপা পিঠার হাঁড়িতে অর্ধেক পরিমাণ পানি দিয়ে চুলায় বসান। হাঁড়ির মুখে ছিদ্রযুক্ত ঢাকনা বসিয়ে পানি ফোটান।
২. ছোট বাটিতে প্রথমে কিছুটা চালের গুঁড়া দিন (চেপে বসাবেন না, আলতো করে রাখুন)।
৩. মাঝখানে ঝুরি করা খেজুরের গুড় ও নারকেল কোরা দিন।
৪. ওপরে আবার চালের গুঁড়া দিয়ে হালকা হাতে সমান করে দিন—খুব বেশি চাপ দেবেন না, তাহলে পিঠা শক্ত বা বসে যেতে পারে।
ভাপ দেওয়া
১. পাতলা সুতি কাপড়টি সামান্য পানিতে ভিজিয়ে নিংড়ে নিন।
২. বাটির ওপর ভিজা কাপড় বিছিয়ে বাটিটি উল্টো করে ছিদ্রযুক্ত ঢাকনার ওপর রাখুন।
৩. আলতো করে বাটি তুলে নিয়ে কাপড়ের চারপাশ দিয়ে পিঠাটি সুন্দরভাবে ঢেকে দিন।
৪, ওপর থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন (হাঁড়ি ও ঢাকনার ফাঁক দিয়ে যেন খুব বেশি বাষ্প বের না হয় সেদিকে খেয়াল রাখুন)।
৫. মাঝারি থেকে উচ্চ আঁচে ৩ থেকে ৪ মিনিট ভাপ দিন।
পরিবেশন
হয়ে গেলে কাপড়সহ পিঠা তুলে প্লেটে রাখুন, কাপড় সরিয়ে গরম-গরম পরিবেশন করুন।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

















