সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার পেট্রো রাবিগে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। রবিবারের এ হামলায় শোধনাগারটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করলেও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।
হুতিদের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত রাবিগ তেল শোধনাগারে সরাসরি আঘাত হেনেছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
রাবিগ শহরে সৌদি আরামকো ও জাপানের সুমিতোমো কেমিক্যালের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে বিশাল তেল পরিশোধন ও পেট্রোকেমিক্যাল কেন্দ্র ‘পেট্রো রাবিগ’।
জেদ্দা থেকে প্রায় ১৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এই স্থাপনাটি সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর একটি। এখানকার গভীর সমুদ্রবন্দর ব্যবহার করে তেল রপ্তানির সুযোগ রয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবের বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার দাবি করে আসছে হুতিরা। এসব স্থাপনার মধ্যে রয়েছে দেশটির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, দক্ষিণাঞ্চলের জাজান এলাকার বিভিন্ন তেল শোধনাগার এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরা শোধনাগার। তবে সৌদি কর্তৃপক্ষ এসব স্থাপনায় হামলার কোনো খবরই স্বীকার করেনি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গত ফেব্রুয়ারিতে ইরানে সামরিক অভিযান শুরুর পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। এরই মধ্যে গত জুলাইয়ে সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে হুতিদের নতুন করে সংঘাত শুরু হয়।
ইয়েমেনের বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে হুতি বিদ্রোহীরা। পাশাপাশি সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে তারা। পাল্টা জবাবে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা বাড়িয়েছে সৌদি আরব। তথ্যসূত্র: রয়টার্স।
পূর্বকোণ/ইবনুর


















