চট্টগ্রাম সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

অটোরিকশা থেকে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা, আহত ৩

অটোরিকশা থেকে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা, আহত ৩

ফটিকছড়ি সংবাদদাতা

২৩ নভেম্বর, ২০২৬ | ১০:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজিচালিত অটোরিকশায় এসে প্রকাশ্যে গুলি ছুড়ে পালিয়েছে একদল দুর্বৃত্ত। তাদের গুলিতে উপজেলার নাজিরহাট পৌর এলাকার চুরখাহাট এলাকার স্থানীয় বাসিন্দা হাশেম, মামুন ও এনাম নামে তিন ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর দুর্বৃত্তদের নিরাপদ স্থানে রেখে পালিয়ে যাওয়ার সময় বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি চালকসহ স্থানীয়রা আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুয়াবিলের শুভনছড়ি এলাকা থেকে চার-পাঁচজন যুবক একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ফটিকছড়ি সদরের দিকে যাচ্ছিল। পথে তারা বিভিন্ন স্থানে গুলি ছুড়তে ছুড়তে এগিয়ে যায়। চুরখাহাট এলাকায় তাদের ছোড়া গুলিতে ওই ব্যক্তিরা আহত হন। আহতরা বাজারে এসেছিলেন; তবে তারা দুর্বৃত্তদের টার্গেট ছিলেন কি না, সে বিষয়ে জানা যায়নি।

গুলি ছোড়ার পর সিএনজিটি দ্রুতগতিতে সুয়াবিল অংশের হালদা নদীর পাড়ে গিয়ে দুর্বৃত্তদের নামিয়ে দেয়। এরপর অটোরিকশাটি ফিরে যাওয়ার পথে চুরখাহাট এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা সেটি চালকসহ আটক করে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এভাবে অতর্কিত গুলি ছোড়ার কারণ এবং আহতরা হামলাকারীদের টার্গেট ছিল কিনা এই বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকজন দুর্বৃত্ত চুরখাহাট বাজারে গুলি ছুড়ে পালিয়েছে এবং তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি চালকসহ স্থানীয় জনতা আটক করেছে। তিনি আরও বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট