ভারতের পরিচিত বোতলজাত পানির ব্র্যান্ড বিসলেরির একটি পণ্যের নমুনায় দ্বিতীয় দফা পরীক্ষাতেও নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেট পাওয়া গেছে। সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী এই উপাদানের উপস্থিতির কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুমোদন দিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)।
রবিবার (২২ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানায় দেশটির খাদ্য নিয়ন্ত্রক সংস্থাটি। তাদের পরীক্ষায় বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের প্যাকেটজাত পানির একটি নমুনা নিরাপদ নয় বলে শনাক্ত হয়েছে।
এফএসএসএআই জানিয়েছে, পরীক্ষার জন্য বিসলেরির প্যাকেটজাত পানির একটি নমুনা সংগ্রহ করা হয়েছিল। প্রাথমিক পরীক্ষায় এতে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়া যায়।
পরে প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় পরীক্ষা করা হলেও একই ফল আসে। এরপর ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট-২০০৬’ অনুযায়ী নমুনাটিকে অনিরাপদ ঘোষণা করা হয়।
তবে কোন ব্র্যান্ড বা ধরনের প্যাকেটজাত পানির নমুনায় এই উপাদান পাওয়া গেছে, তা নির্দিষ্ট করে জানায়নি এফএসএসএআই। সংস্থাটি আরও স্পষ্ট করেছে, পরীক্ষার নমুনাটি ছিল প্যাকেটজাত পানির, খনিজ পানির নয়।
ব্রোমেট এমন একটি রাসায়নিক উপাদান, যা মানুষের ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে বলে চিহ্নিত করেছে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি) এবং যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ)। ফলে বোতলজাত পানির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এফএসএসএআইয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জানানো হয়েছে, খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে বিসলেরির বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
বিসলেরি ছাড়াও বসন্ত মশালা প্রাইভেট লিমিটেড, টিট-বিট ফুডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং মীমাংসা ইন্ডাস্ট্রিজসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুমোদন দিয়েছে সংস্থাটি। এ ছাড়া নিয়ম না মানায় উর্মি লাইফসায়েন্সেস এলএলপি ও গৌড় আয়ুর্বেদিক স্টোরের লাইসেন্স স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, আশা কনফেকশনারির একটি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা। প্রতিষ্ঠানটিকে আগে থেকে প্যাকেটজাত চকোলেটভরা কুকিজ বাজার থেকে তুলে নিতে বলা হয়েছে। পরীক্ষায় পণ্যটিকেও অনিরাপদ হিসেবে শনাক্ত করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠান ও ই-কমার্স সংস্থাগুলোর বিরুদ্ধে নজরদারি ও আইনি পদক্ষেপ জোরদার করেছে এফএসএসএআই। এনার্জি ড্রিংক ও অ্যালকোহলযুক্ত পানীয় প্রস্তুতকারকদের বিরুদ্ধেও অভিযান বাড়িয়েছে সংস্থাটি।
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

















