চট্টগ্রাম সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম

ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৬ | ৮:০৯ অপরাহ্ণ

ফ্যাসিবাদবিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, দেশের স্বার্থ ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি ।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের সংলাপ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

বৈঠকের আলোচনার বিষয়ে জানিয়ে বলেন, গঙ্গা চুক্তি নতুন করে হলে ভারতের কাছে বাংলাদেশের কঠোর বার্তা দিতে হবে এবং পানির হিস্যা যাতে ন্যায্য থাকে— তা নিশ্চিত করতে হবে। ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা আলাপ করেছি।

নাহিদ ইসলাম বলেন, সরকারকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের আহ্বান জানিয়েছি। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছি।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধন-সম্পর্কিত একদলীয় কমিটি জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। এ কারণে ওই কমিটি বাতিলের সুপারিশ করেছে এনসিপি।

আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়। তাদের আমরা ৫ আগস্টেই পরাজিত করেছি। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানা বাজে প্রচারণা চালাচ্ছে। গতকালও হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক সীমান্তের কাছে বাংলাদেশবিরোধী সমাবেশ করেছে, যেখানে পলাতক ফ্যাস্টিস্ট আওয়ামী লীগের কিছু নেতাও যুক্ত হয়েছে। অথচ, সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ আমলে। আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি।

এনসিপির আহ্বায়ক বলেন, সরকারের পক্ষ থেকে ঐক্যের আহবান জানানো হয়েছে। তবে শুধু আলোচনার জন্য আলোচনা নয়, আলোচনা যাতে ফলপ্রসু হয়। শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাইয়ের সব শক্তিকে নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য প্রয়োজন।

 

পূর্বকোণ/মিফতা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট