চট্টগ্রাম শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামের সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার

চট্টগ্রামের সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২০ নভেম্বর, ২০২৬ | ৫:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠান সাদ-মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে নগরের আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
 
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে নগরের আগ্রাবাদ এলাকা থেকে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
 
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
তিনি জানান, মহসিনের বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এসব পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে।
 
আদালত সূত্র জানায়, ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার পাঁচটি চেক প্রত্যাখ্যানের মামলায় ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি মহসিনকে মোট পাঁচ বছরের কারাদণ্ড দেন চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত। ৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা পাওনা দাবিতে করা পাঁচ মামলার প্রতিটিতে তাকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
 
ওইদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন মহসিন। তবে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তিনি জামিনে মুক্তি পান।
 
এর আগে ২০২৪ সালের এপ্রিলে ঋণখেলাপির মামলায় মহসিন ও তার স্ত্রী শামীমা নারগিস চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। সে সময় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাদ-মুসা গ্রুপের প্রায় তিন হাজার কোটি টাকার ঋণখেলাপির তথ্য সামনে আসে।
 
এছাড়া ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে এবং প্রাইম ব্যাংকের চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের মার্চে মহসিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
১৯৯৪ সালে মোহাম্মদ মহসিনের হাত ধরে যাত্রা শুরু করে সাদ-মুসা গ্রুপ। পরে পোশাক ও বস্ত্রশিল্পের বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করে প্রতিষ্ঠানটি। তবে সাম্প্রতিক বছরগুলোতে ঋণখেলাপি, চেক প্রত্যাখ্যান ও অর্থ আত্মসাতের অভিযোগে আলোচনায় আসে শিল্পগ্রুপটি।
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট