চট্টগ্রাম সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

হরমুজ প্রণালিতে হামলা সত্ত্বেও বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

হরমুজ প্রণালিতে হামলা সত্ত্বেও বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৬ | ৩:০৮ অপরাহ্ণ

যুদ্ধ এবং উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার পরও বিশ্ববাজারে বাড়েনি জ্বালানি তেলের দাম। বিশ্লেষকরা বলছেন, শেয়ার বিক্রির চাপ এবং পণ্যবাজারে দরপতনের প্রভাবে কমেছে অপরিশোধিত তেলের দাম।
 
 
সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৯ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ০ দশমিক ১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৩ দশমিক ২৬ ডলারে।
 
 
এ নিয়ে টানা তিন সপ্তাহ কমল আন্তর্জাতিক বাজারে তেলের দাম। গত সপ্তাহে ব্রেন্টের দাম কমেছিল ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ।
 
 
রবিবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার দাবি করে। এ ছাড়া সপ্তাহান্তে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালীর কাছে কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে।
 
 
সংশ্লিষ্টদের কেউ কেউ আশঙ্কা করছেন এসব হামলার কারণে গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ও আঞ্চলিক তেল সরবরাহ ব্যাহত হলে বিশ্ববাজারে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। তথ্যসূত্র: আল জাজিরা, রয়টার্স।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট