চট্টগ্রাম সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

এনসিপি নেতাকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ধস্তাধস্তিতে এসআই আহত

এনসিপি নেতাকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ধস্তাধস্তিতে এসআই আহত

অনলাইন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৬ | ৭:৫২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার আসামি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ছায়েব আলীকে গ্রেপ্তারের জেরে থানায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাকে ছিনিয়ে নিতে নেতাকর্মী ও স্বজনেরা থানা ঘেরাও করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল কাদের আহত হয়েছেন। রবিবার রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর এই পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রেপ্তার ছায়েব আলী মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর তিনি এনসিপিতে যোগ দেন এবং বর্তমানে দলটির মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্রদল নেতা শাকিল খানের দায়ের করা বিস্ফোরক আইনের ১৫ নম্বর মামলার ৮১ নম্বর এজাহারভুক্ত আসামি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে মোগড়া বাজার থেকে ছায়েব আলীকে আটক করে থানায় নেওয়ার পথেই তার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালায়। পরে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এনসিপির শতাধিক নেতাকর্মী ও তার পরিবারের সদস্যরা আখাউড়া থানার প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। এ সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে এসআই জাহিদুল কাদের আহত হন এবং পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।

উত্তেজনাকর এই পরিস্থিতিতে আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে সহায়তা করেন।

আখাউড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে পুলিশ গ্রেপ্তার করলে এনসিপির নেতাকর্মীরা থানায় এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। পরে আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করি।’

এ বিষয়ে বক্তব্য জানতে এনসিপির স্থানীয় নেতা রুবায়েতের মুঠোফোনে যোগাযোগের করা হলেও তিনি সাড়া দেননি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ জানান, বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে ও পরে থানায় ঢুকে তার লোকজন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তবে পুলিশি তৎপরতায় তা ব্যর্থ হয় এবং রাতেই গ্রেপ্তারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট