চট্টগ্রাম সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চাকরির ইন্টারভিউতে যাওয়া ছাত্রলীগের সাবেক নেত্রীকে পুলিশে দিল ছাত্রদলকর্মীরা

চাকরির ইন্টারভিউতে যাওয়া ছাত্রলীগের সাবেক নেত্রীকে পুলিশে দিল ছাত্রদলকর্মীরা

অনলাইন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৬ | ৮:৫৮ অপরাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে চাকরির সাক্ষাৎকার দিতে এসে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ–প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী। গতকাল রবিবার বিকেলে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতা–কর্মীরা তাকে আটক করে পুলিশে দেয়।

পরে তানিয়া আক্তারের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, তানিয়া আক্তার রবিবার বিকেলে গাজীপুরের টঙ্গী কমার্শিয়াল কমপ্লেক্সে একটি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে আসেন। এ সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতা–কর্মীরা তাকে চিনতে পেরে আটক করেন। পরে তাকে টঙ্গী পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ আরও জানায়, গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার প্রেক্ষাপটে তানিয়া আক্তার হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা হয়।

তানিয়া আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক নেত্রী। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, তানিয়া আক্তারের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট