চট্টগ্রাম সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৫০ কোটি টাকা

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৫০ কোটি টাকা

অনলাইন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৬ | ২:০৫ অপরাহ্ণ

গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৫০ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা; যা বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ ছিল খেলাপি। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৮ শতাংশে।

 

দেশের ব্যাংকগুলোর অভ্যন্তরীণ ও অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বিতরণ করা ঋণ হিসাব করেই এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৮ লাখ ৫৬ হাজার ২০০ কোটি টাকা। তিন মাস আগে জুন শেষে এ পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৬০০ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে মোট ঋণ বেড়েছে প্রায় শূন্য দশমিক ৩ শতাংশ।

 

তবে মোট ঋণের তুলনায় শ্রেণিকৃত ঋণ বেড়েছে দ্রুত। ফলে ব্যাংক খাতে খেলাপি ঋণের অনুপাতও বেড়েছে।

 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, শ্রেণিকৃত ঋণের পরিমাণ খুব বেশি বাড়েনি। তবে আপাতত এসব ঋণ কমছে না। ভালো উদ্যোক্তাদের জন্য ঋণ পুনঃতফসিলসহ বিভিন্ন নীতিগত সহায়তা অনুমোদনের প্রক্রিয়ায় সময় লাগছে।

 

তিনি বলেন, কিছু ব্যাংক ইতোমধ্যে এসব সুবিধা অনুমোদন করেছে। অন্য কয়েকটি ব্যাংক তা বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

 

তার আশা, ডিসেম্বরের পর ভালো উদ্যোক্তারা খেলাপি ঋণের তালিকা থেকে বেরিয়ে এলে শ্রেণিকৃত ঋণের পরিমাণ কমে আসবে।

 

তবে গত বছরের সেপ্টেম্বরের তুলনায় অবশ্য খেলাপি ঋণের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ কমেছে ১৭ হাজার ১১১ কোটি টাকা বা ২ দশমিক ৬৫ শতাংশ। একই সময়ে খেলাপি ঋণের অনুপাত কমেছে ১ দশমিক ৯৩ শতাংশীয় পয়েন্ট।

 

এ সময়ে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণও বেড়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে মোট ঋণ ছিল ১৮ লাখ ৩ হাজার ৮৪০ কোটি টাকা। এক বছরে তা বেড়েছে ৫২ হাজার ৩২৯ কোটি টাকা।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট