চট্টগ্রাম সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

যে কোনো গাড়ির চাবিতেই স্টার্ট নেয় পুলিশের টহল ভ্যান!

যে কোনো গাড়ির চাবিতেই স্টার্ট নেয় পুলিশের টহল ভ্যান!

নাজিম মুহাম্মদ 

২৩ নভেম্বর, ২০২৬ | ১০:৫২ পূর্বাহ্ণ

যেকোনো গাড়ি বা মোটরসাইকেলের চাবি দিয়েই অনায়াসে স্টার্ট করা যায় পুলিশের টহল ভ্যান। অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। প্রাইভেটকার, মোটরসাইকেল কিংবা যেকোনো গাড়ির চাবি দিয়েই অনায়াসে স্টার্ট করা যায় পুলিশের টহল ভ্যান। 
 
 
নগরীর হালিশহর থানার একটি পুলিশ ভ্যান চুরির ঘটনার অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই চমকপ্রদ তথ্য। একটি মোটরসাইকেলের চাবি ব্যবহার করে মাত্র ৭০০ টাকার বিনিময়ে পুলিশের ওই গাড়িটি চুরি করেন রুবেল নামের এক ব্যক্তি। গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী কবির নামের এক বাইকচালক। গাড়িটি আগুনে পুড়িয়ে দিয়ে পুলিশ বাহিনীকে প্রশ্নবিদ্ধ করাই ছিল তাদের মূল লক্ষ্য।
 
 
গত ১৮ নভেম্বর দুপুরে নগরীর হালিশহরে জেলা পুলিশ লাইনের পুনাক ক্যান্টিনের সামনে থেকে হালিশহর থানার ওই টহল ভ্যানটি চুরি হয়। পুলিশের টহল গাড়ি চুরির মতো ঘটনা প্রথম হওয়ায় বিষয়টি নগরজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার পরপরই পুলিশ তৎপর হয়ে গাড়িটি উদ্ধার করে এবং চুরির সঙ্গে জড়িত রুবেলকে গ্রেপ্তার করে। তবে ঘটনার অনুসন্ধান চালাতে গিয়ে বেরিয়ে আসে চুরির পেছনের আসল কাহিনী ও পুলিশের ব্যবহৃত গাড়ির নাজুক অবস্থার চিত্র।
 
 
প্রশ্ন উঠে পুলিশের একটি টহল গাড়ি কীভাবে চোখের পলকে চুরি হয়ে গেল। খোঁজ নিয়ে জানা যায়, ভ্যানটি অনেক পুরোনো হওয়ায় এর লক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। ফলে কার, মোটরসাইকেল বা যেকোনো গাড়ির চাবি দিলেই সেটি সহজে স্টার্ট নেয়। চুরির সময়ও একটি পালসার মোটরসাইকেলের চাবি ব্যবহার করা হয়েছিল। এমনকি গাড়ির সঙ্গে থাকা চাবিটিও চোর নিয়ে যায়।
 
 
ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। ফুটেজে দেখা যায়, চুরির আগে একটি মোটরসাইকেলে করে আসা দুজন ব্যক্তি পুলিশের ভ্যানটির আশপাশে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর ওই বাইকের চালক কবির ‘চোর’ রুবেলের সঙ্গে মাত্র সাত সেকেন্ড কথা বলেন। এর পরপরই সুযোগ বুঝে পিকআপ ভ্যানটি স্টার্ট দিয়ে চালিয়ে নিয়ে যান রুবেল। চুরির পর বেশ স্বাভাবিক আচরণেই তিনি পুলিশের গাড়ির জন্য নির্ধারিত পেট্রল পাম্পে যান এবং সেখান থেকে বিনা মূল্যে ২৮ লিটার তেল সংগ্রহ করেন। পথে গাড়িতে যান্ত্রিক সমস্যা দেখা দিলে মেরামতের জন্য সেটি একটি গ্যারেজেও নিয়ে যান তিনি।
 
 
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চুরি করা গাড়িটি নতুন ব্রিজ পার করে দেওয়ার পর রুবেলকে প্রথমে ২০০ টাকা দেওয়া হয়েছিল। তবে যাতায়াত খরচের কথা তুলে ২০০ টাকায় হবে না বলে আপত্তি জানান রুবেল। পরে তাকে আরও ৫০০ টাকাসহ মোট ৭০০ টাকা দেওয়া হয়। রুবেলের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানান, কেবল গাড়ি চুরি করা তাদের উদ্দেশ্য ছিল না। বরং কবিরের নেতৃত্বে পুলিশের গাড়িটি চুরি করে পরবর্তী সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো এবং গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে পুলিশকে প্রশ্নবিদ্ধ করার একটি পরিকল্পনা ছিল তাদের। এদিকে সরকারি গাড়ি চুরির মতো ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ঘটনার দিন ওই টহল ভ্যানে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ও গাড়িচালক আক্তারসহ মোট চার পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে এই ঘটনার পরও ফিটনেসবিহীন সেই পুরোনো গাড়িটি দিয়েই এখনো নিয়মিত টহল ও দায়িত্ব পালন করে যাচ্ছে হালিশহর থানা-পুলিশ।
 
 
পুরোনো গাড়ি ও চাবি-সংক্রান্ত ত্রুটির বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, ভ্যানটি অনেক আগের হওয়ার কারণেই অন্য গাড়ির চাবি দিয়ে স্টার্ট হওয়ার মতো ঘটনা ঘটেছে। তবে পুলিশের সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখতে হচ্ছে। পর্যায়ক্রমে পুরোনো গাড়িগুলো পরিবর্তন করা হচ্ছে এবং নতুন যে গাড়িগুলো যুক্ত হচ্ছে, সেগুলো অন্য কোনো চাবি দিয়ে খোলা বা আনলক করা সম্ভব নয়। দায়িত্বরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে ওসি আরও বলেন, পুলিশের গাড়ি সরকারি সম্পদ। দায়িত্ব পালনকালে সেই সম্পদ হেফাজতে রাখা সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্তব্য ছিল। তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ফলে দায়িত্বে অবহেলার কারণে প্রক্রিয়া মেনেই তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট