চট্টগ্রাম সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা 

নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৬ | ৩:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দীন বাজার এলাকায় নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানায় ব্যবহৃত রং বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার সংরক্ষণের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
 
 
সোমবার (২৩ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।
 
 
অভিযানে ফজল দিন ইকবাল দিন নামের একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানায় ব্যবহৃত রং বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
 
 
এছাড়া পূরবী হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হোটেলটিতে পচা ও বাসি সবজি, তরকারি, গ্রিল ও বিরিয়ানি বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছিল। এমনকি অন্যের খাওয়া শেষে প্লেটে পড়ে থাকা ভাতের সঙ্গে মেশানো মাংসও সংরক্ষণ করা হয়েছিল। পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া যায়।
 
 
অন্যদিকে পোড়া ও অস্বাস্থ্যকর কালো তেল ব্যবহার করে খাবার ভাজার দায়ে বিসমিল্লাহ ঝাল বিতানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট