’প্রবাসীদের ভিসা জটিলতাসহ বিদ্যমান নানা সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রবাসীদের সমস্যা প্রত্যক্ষভাবে পর্যালোচনা ও সমাধানে আগামী ডিসেম্বরের মধ্যে একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি দল সংযুক্ত আরব আমিরাত সফর করবে।’এমন মন্তব্য করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের জন্য নির্বাচিত অনাবাসী বাংলাদেশি (এনআরবি) সিআইপিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধাণ অতিথির ব্যক্তবে তিনি এ মন্তব্য করেছেন।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে দুবাইয়ের দেইরাস্থ ক্রাউন প্লাজা হোটেলের বলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অনাবাসী ৪১ জন সিআইপির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে আমিরাতে অবস্থানরত সব বাংলাদেশিকে স্থানীয় আইন ও বিধিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকারও আহ্বান জানান।
দুই পর্বে বিভক্ত এ অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশ কমিউনিটির পক্ষে সভাপতিত্ব করেন প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ‘বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, ইউএই’-এর আহ্বায়ক মোহাম্মদ রুবেল। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্য সচিব সাংবাদিক শিবলী আল সাদিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী এবং আমিরাতের সাবেক মন্ত্রিপরিষদ সদস্য ড. আব্দুল্লাহ সাঈদ আল খিন্দি। এছাড়াও উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ও দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল রাশেদুজ্জামান।
বিশেষ সম্মাননা ও স্বীকৃতি
অনুষ্ঠানে প্রবাসীদের অর্জন, দুঃখ-দুর্দশা ও অভিবাসন খাতের নানা চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য দুই প্রখ্যাত সাংবাদিককে বিশেষ সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন ‘দুনিয়ার গল্প’-এর সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লব এবং ‘আকাশযাত্রা’-এর সম্পাদক ইজাজ মাহমুদ।
এছাড়া প্রবাসে সফল ব্যবসা পরিচালনার স্বীকৃতি হিসেবে ৮ জন উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন—বোরহান উদ্দিন চৌধুরী, এয়ার মামুন খান, এনামুল হক, সাইফুল মোস্তফা, মাহমুদুল হাসান ফেরদৌস, শেফালী আক্তার আঁখি, আলহাজ ইয়াকুব সৈনিক ও আজিম উদ্দিন।
অনুষ্ঠানের শেষভাগে সংবর্ধিত সিআইপিদের জীবনবৃত্তান্ত ও সাফল্যগাথা নিয়ে রচিত ‘প্রবাসরত্ন’ নামক একটি সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। সংকলনটি দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে উৎসর্গ করেন আয়োজকরা।
পূর্বকোণ/এমএইচ



















