আবুধাবি সিটির উপকণ্ঠে আল ওয়াথবা এলাকায় গতকাল (১২ অক্টোবর) সোমবার রাতে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় প্রবাসী মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত মায়ের নাম অসীমা চৌধুরী (৪৮) এবং কিশোর পুত্র অরিত্র বিশ্বাস (১৫) তারা প্রবাসী প্রকৌশলী সৌরভ বিশ্বাসের স্ত্রী ও একমাত্র পুত্র।
প্রকৌশলী সৌরভ বিশ্বাসের পারিবারিক বন্ধু ও আবুধাবি প্রবাসী সংগঠক সজল চৌধুরী দৈনিক পূর্বকোণকে জানান, প্রকৌশলী সৌরভ বিশ্বাস রাতে তার গাড়ি ড্রাইভ করে আল ওয়াথবায় একটি পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পথে আবুধাবি-আল আইন রোডের আল ওয়াথবা এক্সিট-৪৭ এলাকায় এলে রাত ০৮টাা ৪০ মিনিটের দিকে তাদের গাড়িকে পেছন দিক থেকে একজন স্থানীয় আরব চালিত দ্রুতগামী ফোর হুইলার গাড়ি সজোরে ধাক্কা দেয়।
এতে গাড়িটি চুরমার হয়ে যায়। দুর্ঘটনা স্থলেই মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু ঘটে এবং প্রকৌশলী সৌরভ আহত হন। হতাহতদের পুলিশ দ্রুত আবুধাবির বিশেষায়িত মাফরাক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন এবং সৌরভকে চিকিৎসাধীন রাখেন।
প্রকৌশলী সৌরভ বিশ্বাসের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালি উপজেলার পূর্ব কধুরখীল গ্রামের খোকার দোকান এলাকার বিশ্বাস বাড়িতে।
নিহত অসীমা চৌধুরী আবুধাবির একটি শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সিতে ট্রাভেল এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন, তার বাড়ি রাউজানের আঁধারমানিক গ্রামে। তিনি একজন সঙ্গীতশিল্পী ও সংগঠক হিসেবে বাংলাদেশ কমিউনিটির পরিচিতমুখ ছিলেন।
আবুধাবি প্রবাসী সাংবাদিক সনজিত শীল পূর্বকোণকে জানান বিগত আড়াই দশক ধরে সপরিবারে আবুধাবিতে বসবাসকারী প্রকৌশলী সৌরভ বিশ্বাসের নিজস্ব নির্মাণ ব্যবসা রয়েছে। স্ত্রী পুত্রকে একসঙ্গে হারিয়ে তিনি উম্মাদপ্রায়। দম্পতিটির দুবাই নলেজ ভিলেজে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক কন্যা সন্তান রয়েছে।
বর্তমানে মা ও ছেলের লাশ আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্চারিতে রাখা আছে। প্রয়োজনীয় তদন্ত ওআনুষ্ঠানিকতার পর তা দেশে আনা হবে। পুলিশ ঘটনার সাথে জড়িত গাড়ি ও তার আরব চালককে আটক করেছে।
পূর্বকোণ/আদর/পারভেজ



















