প্রবাসে কর্মরত ও বসবাসরত বাংলাদেশিদের জন্য বিদেশে অবস্থান করেই নিজ দেশের বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধীনে পরিচালিত বহিঃবাংলাদেশ বিএ এবং বিএসএস (নিশ-২) প্রোগ্রামের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে (২০২৬ ব্যাচ) ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা প্রবাসে বসেই সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ভর্তি, ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন।
যেসব দেশের প্রবাসীরা আবেদন করতে পারবেন
বাউবির নির্দেশনা অনুযায়ী, বিশ্বের ৭টি দেশে বসবাসরত বৈধ বাংলাদেশি অধিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিরা সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। দেশগুলো হলো— সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া ও ইতালি।
ভর্তির যোগ্যতা ও প্রোগ্রামের মেয়াদ
আবেদনকারীকে এইচএসসি, আলিম, এ-লেভেল বা সরকার স্বীকৃত সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিএ ও বিএসএস প্রোগ্রামটির মোট মেয়াদ ৩ বছর (৬ সেমিস্টার), তবে নিবন্ধনের মেয়াদ থাকবে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত। কোনো শিক্ষার্থী পড়াশোনাকালীন বাংলাদেশে ফিরে এলে বা অন্য দেশে স্থানান্তরিত হলেও তার শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে না, বরং তা অব্যাহত থাকবে।
অনলাইনেই ক্লাস ও পরীক্ষা ব্যবস্থা
বাউবির অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতিতে পাঠদান পরিচালনা করা হবে। প্রতি কোর্সে ৮টি করে অনলাইন টিউটোরিয়াল ক্লাস এবং পরীক্ষা সংশ্লিষ্ট দেশের সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত হবে। এজন্য শিক্ষার্থীর ইন্টারনেট সংযোগসহ প্রয়োজনীয় ডিভাইস থাকতে হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইট (https://www.ebookbou.edu.bd/ba_bss.php) থেকে বিনামূল্যে ই-বুক ডাউনলোড করে পড়াশোনা চালাতে পারবেন। এছাড়া ১ম ও ২য় সেমিস্টারের পরীক্ষা ১ম বর্ষে, ৩য় ও ৪র্থ সেমিস্টারের পরীক্ষা ২য় বর্ষে এবং ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ৩য় বর্ষে একত্রে অনুষ্ঠিত হবে।
আবেদন ও ফি জমাদানের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন ও ফি জমা দিতে পারবেন। আবেদন করার জন্য https://osapsnew.bou.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘School of Social Science, Humanities and Language’-এর অধীনে BA & BSS (Niche-2) প্রোগ্রাম নির্বাচন করে ফরম পূরণ করতে হবে। আবেদনের সময় ছবি, স্বাক্ষর, এনআইডি/জন্ম সনদ, রেসিডেন্ট আইডি, পাসপোর্ট ও শিক্ষাগত যোগ্যতার সনদের ফাইল আপলোড করতে হবে। অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধের পর আবেদনপত্র ও পেমেন্ট স্লিপ প্রিন্ট করে নিজেদের কাছে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ক্লাস শুরু ও যোগাযোগের তথ্য
সৌদি আরব, কাতার, কুয়েত ও ওমানে আগামী ২৩ অক্টোবর ২০২৬ এবং ইতালি, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে ২৫ অক্টোবর ২০২৬ থেকে অনলাইন ক্লাস শুরু হবে। ভর্তি সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য অফিস চলাকালীন সময়ে হেল্পলাইন নম্বর (০১৬১৮-৯৭৭২৩৭, ০১৯০৭-৪৫১৬১২) অথবা ই-মেইলে ([email protected], [email protected]) যোগাযোগ করা যাবে।
বিস্তরিত তথ্য ও ভর্তি নির্দেশিকার জন্য এখানে ক্লিক করুন।

















