চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের খাবার তৈরির রান্নাঘরে অভিযান চালিয়ে চরম অব্যবস্থাপনা ও নানা অনিয়ম পেয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। রান্নাঘরে ইঁদুর ও তেলাপোকার উপদ্রব, খোলা অবস্থায় রাখা ভাত-ডাল, পচা ডিম এবং মাকড়সার জাল ও ক্ষতিকর উপাদানযুক্ত হলুদের গুঁড়া পাওয়া গেছে।
এসব অনিয়মের দায়ে খাবার সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের এক কর্মচারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে চমেক হাসপাতালের খাদ্য বিভাগে অভিযান চালিয়ে এসব চিত্র দেখতে পান নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
অভিযানকারীরা জানান, রোগীদের জন্য রান্না করা ভাত ও ডাল না ঢেকে উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছিল এবং খাবারের ওপর মাছি ও পোকামাকড় বসছিল। রান্নাঘরের বিভিন্ন স্থানে ইঁদুর ও তেলাপোকার অবাধ বিচরণ দেখা যায়। এ ছাড়া রোগীদের পরিবেশনের জন্য রাখা সিদ্ধ ডিমের মধ্যে পচা ডিমও পাওয়া যায়।
অন্যদিকে, রান্নায় ব্যবহৃত হলুদের গুঁড়া পরীক্ষা করে পলিথিন ও মাকড়সার জালের অস্তিত্ব মেলে। প্রাথমিক পরীক্ষায় হলুদের গুঁড়ায় মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর লেড সল্টের উপস্থিতিও শনাক্ত হয়েছে।
নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ফরহাদ ইসলাম জানান, হাসপাতালের রোগীদের খাবার তৈরিতে চরম অব্যবস্থাপনা ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ উপাদান পাওয়া গেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং প্রতিষ্ঠানের একজন প্রতিনিধিকে পুলিশ হেফাজতে নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পূর্বকোণ/ এমএইচ/পারভেজ
















