বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী জমাদার হাটে কয়েক বছর ধরে জমে থাকা বিশাল ময়লার স্তূপ অপসারণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা।
দীর্ঘদিন ধরে ছড়িয়ে পড়া দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসীর ভোগান্তি লাঘবে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে এ পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসক।
এর আগে সকাল সাড়ে ১১টায় ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন ও সবুজ বোয়ালখালী গড়ার প্রত্যয়ে আয়োজিত একটি সচেতনতামূলক র্যালিতে নেতৃত্ব দেন তিনি। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা বলেন, কেবল অবকাঠামো বা রাস্তাঘাটের উন্নয়ন দিয়ে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, এর পাশাপাশি মানুষের মানবিক মূল্যবোধ ও নাগরিক দায়িত্ববোধের বিকাশ ঘটাতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, প্রশাসনের একক প্রচেষ্টায় ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়। এ জন্য প্রতিটি নাগরিককে সচেতন হয়ে নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
এ অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশিন প্রত্যাশা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/মিফতা/পারভেজ

















