চট্টগ্রাম শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

জুনিয়রকে ডেকে নেওয়াকে কেন্দ্র করে চুয়েটে সংঘর্ষ, আহত ৫

জুনিয়রকে ডেকে নেওয়াকে কেন্দ্র করে চুয়েটে সংঘর্ষ, আহত ৫

রাউজান সংবাদদাতা

২৮ নভেম্বর, ২০২৬ | ১২:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জুনিয়র শিক্ষার্থীদের ডেকে নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
 
এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
 
 
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম দফায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।
 
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসে কথা বলছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামের এক শিক্ষার্থী তাদের একজনকে ডেকে নিয়ে যান। পরে ভৈরব বর্মণের পক্ষ থেকে জুনিয়রদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
 
কেন তাদের যেতে নিষেধ করা হয়েছিল, তা নিয়ে পরবর্তী সময়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থীর সঙ্গে দেখা করতে নিষেধ করার ঘটনায় ভৈরব বর্মণকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে জানা গেছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত বৈঠকে বিরোধে জড়িত দুই পক্ষের শিক্ষার্থীরাই উপস্থিত ছিলেন।
 
আলোচনার একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বায়েজিদ এবং যন্ত্রকৌশল বিভাগের তুলন ও নাইমুলসহ কয়েকজন শিক্ষার্থী অংশ নেন। সংঘর্ষের সময় মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রইসুলের চশমা ভেঙে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে আরেক দফা মারামারির ঘটনা ঘটে।
 
ঘটনার বিষয়ে ভৈরব বর্মণ বলেন, ‘আমার সঙ্গে পাঁচজন ঝামেলা করে। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দাহিক, পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়াম এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের আব্দুল্লাহরা ছিল। শুরুতে আমরা সবাই মিলে ব্যাচের আলোচনায় বসেছিলাম। আলোচনা সুন্দরভাবেই চলছিল। একপর্যায়ে তারা নিজেরাই পরিস্থিতি তৈরি করে আমার বন্ধুদের মারধর করে। এমন পরিস্থিতিতে কেউ তো আর চুপ করে থাকবে না। এভাবেই মারামারি শুরু হয়। ’
 
অভিযোগের বিষয়ে জানতে রাকিন ও আব্দুল্লাহর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায় নি।
 
 
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা গেছে, সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে চিকিৎসা নিয়েছেন। অন্য দুই শিক্ষার্থী জোর করে অ্যাম্বুলেন্স নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বলে জানিয়েছে চিকিৎসাকেন্দ্র কর্তৃপক্ষ।
 
এ ঘটনায় হামলাকারীদের পরিচয় জানতে চাইলে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব জানান, বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্তের পর পরিচয় প্রকাশ করা হবে।
 
পূর্বকোণ/নুসরাত/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট