চট্টগ্রাম শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজার সদর উপজেলা পুকুরে গোসলে নেমে কিশোরের মৃত্যু

কক্সবাজার সদর উপজেলা পুকুরে গোসলে নেমে কিশোরের মৃত্যু

কক্সবাজার সংবাদদাতা

২৮ নভেম্বর, ২০২৬ | ৯:৫৩ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলা পরিষদের পুকুরে গোসলে নেমে পানিতে তলিয়ে যাওয়ার সাড়ে ৬ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার পর পুকুরের তলদেশ থেকে তার মরদেহ তোলা হয়।

নিহত কিশোরের নাম আবু গায়িব (১৭)। সে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পূর্ব লাইট হাউস ফাতেরঘোনা এলাকার বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২টায় বাইসাইকেল চালিয়ে উপজেলা পরিষদ চত্বরের পুকুরপাড়ে আসে আবু গায়িব। এরপর পোশাক খুলে একাকী পুকুরে গোসলে নামে। নামার মুহূর্তেই সে গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে টানা প্রায় ৫ ঘণ্টা তল্লাশি চালিয়েও কিশোরের সন্ধান না মেলায় চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি বিশেষ ডুবুরি দলকে তলব করা হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দলটি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। দীর্ঘ অনুসন্ধান শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুকুরের তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানের পর মরদেহ ময়নাতদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ সময় নিহত কিশোরের ব্যবহৃত লাল বাইসাইকেলটি পুকুরপাড় থেকে পুলিশের জিম্মায় নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ বলেন, “সাড়ে ৬ ঘণ্টারও বেশি সময় টানা অভিযান চালিয়ে কিশোরের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।”

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট