বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়নের বাসিন্দা আবুল হাশেম। জীবিকার তাগিদে ১৯৮৫ সালে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমান। সেদেশে তিনি ব্যবসায় জড়িত ছিলেন। এর মধ্যে দেশেও আসেন বহুবার। কিন্তু চলতি বছরের ২৮ আগস্ট তিনি ওমানে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। ৯ সেপ্টেম্বর তাঁর মরদেহ দেশে আসে। বিমানবন্দরে তাঁর পরিবারকে মরদেহ পরিবহন ও দাফনের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ৩৫ হাজার টাকার একটি চেক দেওয়া হয়।
কিন্তু পরবর্তীতে বিপত্তি ঘটে প্রবাসী কর্মীর মৃত্যুতে পরিবারকে এককালীন তিন লাখ টাকা অনুদান প্রদানের ক্ষেত্রে। দীর্ঘ ৪১ বছরের বেশি সময় ধরে আবুল হাশেম প্রবাসে থাকলেও তাঁর ছিল না বিএমইটি’র স্মার্ট কার্ড। ফলে তাঁর পরিবার সরকারের তিন লাখ টাকা অনুদান প্রাপ্তি থেকে বঞ্চিত হন। রেমিট্যান্স যোদ্ধার এ ধরনের বঞ্চনার চিত্র শুধু প্রবাসী আবুল হাশেম এর ক্ষেত্রে নয়, বিএমইটি’র স্মার্ট কার্ড না থাকায় তাঁর মতো হাজার হাজার প্রবাসী কিংবা তাঁর পরিবার সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে।
বিএমইটি’র স্মাট কার্ডে বিদেশগামী কর্মীর রেজিস্ট্রেশন যুক্ত একটি নম্বর থাকে। এটিতে প্রবাসীর সকল তথ্যাদি সংযুক্ত। বিদেশ গমনের সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে নির্দিষ্ট একটি ফি দিয়ে অনলাইনে নিবন্ধন, বহির্গমন ছাড়পত্রসহ বিএমইটি স্মার্ট কার্ড পেয়ে থাকেন বিদেশগামী প্রতিটি কর্মী। ২০০৪ সাল থেকে বিদেশগামী প্রতিটি কর্মীর জন্য সরকার বিএমইটি’র স্মার্ট কার্ড চালু করে।
বিএমইটি’র স্মার্ট কার্ড কী : বিএমইটি-এর পূর্ণরূপ হলো- ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লমেন্ট এন্ড ট্রেনিং। এর বাংলা অর্থ- জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। এটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সংস্থা। যার প্রধান কাজ বিদেশে বৈধভাবে কর্মী প্রেরণ, দক্ষতা প্রশিক্ষণ প্রদান এবং অভিবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিত করা। একজন কর্মী প্রথমে বিদেশ গেলে তাকে প্রথমে জেলা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অফিসে আবেদন করে সরকার নির্ধারিত ফি পরিশোধ করে বিদেশ গমনের জন্য নিবন্ধন করেন।
বিএমইটি অফিস বিদেশগামী কর্মীর ভিসা ও চুক্তিপত্র যাচাই করে বৈধভাবে বিদেশে যাওয়ার জন্য ইমিগ্রেশন ক্লিয়ারেন্স (ম্যানপাওয়ার) এবং বিএমইটি স্মার্ট কার্ড প্রদান করে। এরপর বিমানবন্দরে এসব বৈধ কাগজপত্র যাচাই-বাচাইয়ের পর একজন কর্মী প্রবাসে কর্মসংস্থানের জন্য যেতে পারে। ২০০৪ সাল থেকে সরকার এ ধরনের নীতিমালা প্রণয়ন করে। এর আগে যারা বিদেশে গেছেন তাদের বিএমইটি স্মার্ট কার্ড গ্রহণের জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাস অথবা বাংলাদেশে আসলে সংশ্লিষ্ট জেলা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে আবেদন করে সরকার নির্ধারিত ফি পরিশোধ করে বিএমইটি স্মার্ট কার্ড গ্রহণের সুযোগ রয়েছে। এছাড়াও বিএমইটি স্মার্ট কার্ড গ্রহণ না করে থাকে তাহলে একজন প্রবাসীকে তার প্রথম বিদেশ গমনের ওই সময়ের ম্যানুয়ালি পাসপোর্ট থাকতে হবে।
বিএমইটি স্মার্ট কার্ডের সুবিধাসমূহ : বিদেশে কোন প্রবাসীর মৃত্যু হলে মৃতদেহ পরিবহন ও দাফন খরচের জন্য বিমানবন্দরে ৩৫ হাজার টাকার চেক প্রদান, আহত ও অসুস্থ প্রবাসীতে দেশে আনায়নে সহায়তা, প্রবাসী ফেরত আহত ও অসুস্থ কর্মীর চিকিৎসায় সর্বোচ্চ এক লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান, প্রবাসী কর্মীর মৃত্যু হলে পরিবারকে এককালীন তিন লাখ টাকা অনুদান প্রদান, প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান, প্রবাসী কর্মী ও তার পরিবারকে বীমা সুবিধা প্রাপ্তিতে সহায়তা, প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানকে ভাতা প্রদান, প্রবাসে মৃত কর্মীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও বকেয়াসহ অন্যান্য অর্থ আদায়পূর্বক ওয়ারিশদের নিকট বিতরণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা।
বিএমইটি স্মার্ট কার্ড না থাকলে অসুবিধা কী : বিএমইটি (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) স্মার্ট কার্ড না থাকলে প্রবাসীরা সরকারিভাবে বৈধ কর্মীর স্বীকৃতি হারান এবং বিমানবন্দরের ইমিগ্রেশন, বীমা, আর্থিক ক্ষতিপূরণ ও দূতাবাসের জরুরি আইনি সহায়তাসহ প্রায় সব ধরনের রাষ্ট্রীয় কল্যাণমূলক সুবিধা থেকে বঞ্চিত হন। এছাড়া প্রবাসীরা বিদেশে যাত্রার ক্ষেত্রে আইনি বাধা, সরকারি বীমা ও আর্থিক সহায়তা থেকে বঞ্চিত এবং প্রবাসে আইনি সুরক্ষা না পাওয়ার মতো গুরুতর অসুবিধায় ভোগেন। ওয়ার্ক পারমিট বা কর্মী ভিসা থাকা সত্ত্বেও বিএমইটি কার্ড না থাকলে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিদেশে যাওয়ার অনুমতি দেয় না, ফলে ফ্লাইট মিস ও আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। মৃত্যু বা দুর্ঘটনায় সরকারি আর্থিক ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হন প্রবাসী কর্মী।
প্রবাসে কোনো কর্মী দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করলে কিংবা মারা গেলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে পরিবার যে নির্দিষ্ট অঙ্কের বীমা ও আর্থিক অনুদান পায়, কার্ড না থাকলে তা পাওয়া অত্যন্ত জটিল বা অনিশ্চিত হয়ে পড়ে। মরদেহ দেশে আনা ও দাফন খরচ না পাওয়া। এছাড়া প্রবাসে আইনি ও দূতাবাস সহায়তায় ঘাটতি থাকে। নিয়োগকর্তার দ্বারা প্রতারিত হলে, বেতন না পেলে বা কোনো আইনি জটিলতায় পড়লে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং থেকে আইনি সহায়তা ও আশ্রয় পাওয়া কঠিন হয়ে পড়ে। দেশে ফেরার পর পুনর্বাসন ও ঋণ সুবিধা মেলে না।
প্রবাস থেকে ফেরার পর প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নেওয়া বা সরকারি পুনর্বাসন প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পেতে বিএমইটি কার্ডের তথ্য বাধ্যতামূলক থাকে। সন্তানদের শিক্ষাবৃত্তি ও চিকিৎসা সহায়তা পাওয়া যায় না। কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাসীদের মেধাবী সন্তানদের যে শিক্ষাবৃত্তি এবং পরিবারের সদস্যদের চিকিৎসা অনুদান দেওয়া হয়, কার্ড না থাকলে সেই আবেদন গ্রহণ করা যায় না।
জানতে চাইলে প্রবাসী কল্যাণ সেন্টার চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আতিকুল আলম পূর্বকোণকে বলেন, ‘বিএমইটি স্মার্ট কার্ড না থাকলে প্রবাসীরা সরকারিভাবে বৈধ কর্মীর স্বীকৃতি হারান এবং বিমানবন্দরের ইমিগ্রেশন, বীমা, আর্থিক ক্ষতিপূরণ ও দূতাবাসের জরুরি আইনি সহায়তাসহ প্রায় সব ধরনের রাষ্ট্রীয় কল্যাণমূলক সুবিধা থেকে বঞ্চিত হন। ২০০৪ সাল থেকে সরকার এটি চালু করেছে। তাই ২০০৪ সালের আগে যারা বিদেশে গেছেন তাদের এটি দ্রুত করে নেওয়া উত্তম হবে।’
পূর্বকোণ/নুসরাত


















