চট্টগ্রাম শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

কুমিল্লায় মাহফিল বন্ধ, ছাদখোলা গাড়িতে বক্তব্য দিয়ে ফিরলেন তাহেরী

কুমিল্লায় মাহফিল বন্ধ, ছাদখোলা গাড়িতে বক্তব্য দিয়ে ফিরলেন তাহেরী

অনলাইন ডেস্ক 

২৮ নভেম্বর, ২০২৬ | ৬:৪৯ অপরাহ্ণ

প্রশাসনের অনুমতি না থাকা ও স্থানীয় প্রতিবাদের মুখে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে নির্ধারিত ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে পারেননি ধর্মীয় আলোচক মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। তবে শুক্রবার বিকেলে ওই এলাকায় গিয়ে সড়কের পাশে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে ভক্ত-অনুসারীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তিনি স্থান ত্যাগ করেন।
 
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে অলিরবাজারের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে আয়োজিত মাহফিলে তাহেরীর যোগ দেওয়ার কথা ছিল। তার আগমনকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে মাহফিল বন্ধ ও তাকে এলাকায় আসতে না দেওয়ার দাবিতে অলিরবাজারে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। পাশাপাশি প্রশাসনের কাছে আবেদনও জানানো হয়।
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই অলিরবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুপুরে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের পক্ষ থেকে আয়োজকদের মাহফিল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলে মাইকসহ বিভিন্ন সরঞ্জাম খুলে নেওয়া হয়।
 
হেফাজতের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী জানান, অনুমতি ছাড়াই মাহফিলের আয়োজন করা হচ্ছিল এবং বক্তা বিতর্কিত হওয়ায় স্থানীয়দের সঙ্গে তারাও প্রতিবাদ জানিয়েছেন।
 
অন্যদিকে আয়োজক কমিটির সদস্য ও তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, দীর্ঘ প্রস্তুতি থাকলেও কোনো সংঘাতে না জড়াতে প্যান্ডেলে যাননি তাহেরী। অনুমতি চেয়ে আবেদন করা হলেও শেষ পর্যন্ত তা মেলেনি বলে দাবি করেন তিনি।
 
বিকেল চারটার দিকে অলিরবাজারে পৌঁছে ছাদখোলা গাড়ির ওপর দাঁড়িয়ে কয়েক মিনিট বক্তব্য দেন তাহেরী। এ সময় মাহফিল করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘ প্রস্তুতি ও আবেদনের পরও এভাবে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া দুঃখজনক। পরে ভক্তদের ভিড়ের মাঝ থেকেই তিনি এলাকা ছাড়েন।
 
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই মাহফিলের আয়োজন করা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে কোনো সংঘাত ঘটেনি এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট